- ০৭ এপ্রিল, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে কিংবদন্তি স্পিনার মোহাম্মদ রফিক–এর প্রত্যাবর্তনের মধ্য দিয়ে। তাকে এক বছরের জন্য বিশেষজ্ঞ স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গত শনিবার অনুষ্ঠিত বোর্ড সভায় রফিকের নিয়োগ চূড়ান্ত করা হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।
বিসিবি সূত্রে জানা গেছে, রফিকের এই দায়িত্ব কোনো নির্দিষ্ট দলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস জানান, তিনি মূলত মেন্টর হিসেবে কাজ করবেন এবং দেশের স্পিন বোলিং বিভাগের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখবেন।
পরিকল্পনা অনুযায়ী, জাতীয় দল থেকে শুরু করে অনূর্ধ্ব-১৯ দল, হাই পারফরম্যান্স ইউনিট এবং বাংলাদেশ টাইগার্স প্রোগ্রামের স্পিনারদের সঙ্গে কাজ করবেন রফিক। তরুণ বোলারদের কারিগরি দক্ষতা বাড়ানোর পাশাপাশি মানসিকভাবে দৃঢ় করে তোলাও তার দায়িত্বের অংশ হবে।
খেলোয়াড়ি জীবন শেষে দীর্ঘদিন ধরেই জাতীয় পর্যায়ে বড় কোনো দায়িত্বের অপেক্ষায় ছিলেন রফিক। ঘরোয়া ক্রিকেটে কোচিং করালেও বিসিবির মূল কাঠামোয় কাজ করার আগ্রহ ছিল তার। অবশেষে এই নিয়োগের মাধ্যমে সেই অপেক্ষার অবসান হলো।
বিসিবি কর্তৃপক্ষ মনে করছে, আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন এই স্পিনারের মেন্টরশিপ দেশের স্পিন বোলিং ইউনিটকে আরও শক্তিশালী করবে। আধুনিক ক্রিকেটের চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণ বোলারদের জন্য রফিকের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা করছেন সংশ্লিষ্টরা।