Thursday, June 4, 2026

বিএসইসি চেয়ারম্যান ও চার কমিশনারের পদত্যাগ


ফাইল ছবিঃ খন্দকার রাশেদ মাকসুদ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ সংস্থাটির চার কমিশনার পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৪ জুন) সকালে তারা অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগপত্র জমা দেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক বিষয়টি নিশ্চিত করে জানান, চেয়ারম্যান ও কমিশনাররা ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

পদত্যাগ করা চার কমিশনার হলেন—মো. মহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ এবং মো. সাইফউদ্দিন।

জানা গেছে, প্রায় ২১ মাস দায়িত্ব পালনের পর ব্যক্তিগত কাজে মনোনিবেশের সিদ্ধান্ত থেকেই খন্দকার রাশেদ মাকসুদ পদত্যাগ করেন। তিনি ২০২৪ সালের আগস্টে বিএসইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

পদত্যাগের পর এক বিবৃতিতে তিনি বলেন, দেশের পুঁজিবাজার যখন অস্থির সময় পার করছিল, তখন কমিশন দায়িত্ব গ্রহণ করে বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ নেয়। তাঁর ভাষায়, এ সময়ে আইনগত কাঠামো পুনর্গঠন ও বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার চেষ্টা করা হয়েছে।

তিনি আরও জানান, গত ২১ মাসে মার্জিন ঋণ, আইপিও, মিউচুয়াল ফান্ড, ঋণপত্র ও হুইসেলব্লোয়ার সংক্রান্ত একাধিক বিধিমালা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। পাশাপাশি করপোরেট গভর্ন্যান্স ও অডিট ব্যবস্থাসংক্রান্ত কিছু খসড়া নীতিমালাও জনমত গ্রহণের জন্য উন্মুক্ত করা হয়েছিল।

বিএসইসি আইন ও ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড আইন নামে দুটি নতুন আইনের খসড়াও প্রস্তুত করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বিবৃতিতে তিনি দাবি করেন, বাজারে স্বচ্ছতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় কমিশন কঠোর নজরদারি ও প্রয়োগমূলক ব্যবস্থা নিয়েছে। একই সঙ্গে মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ও ইস্যুকারীদের জন্য তুলনামূলক স্বাধীন ও নিয়মভিত্তিক পরিবেশ তৈরির চেষ্টা করা হয়েছে।

পদত্যাগের ঘটনায় কমিশনের কর্মকর্তা-কর্মচারী, বাজার সংশ্লিষ্ট পক্ষ এবং সরকারের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএসইসির নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। নতুন নেতৃত্বে একজন বহুজাতিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তার নাম আলোচনায় রয়েছে বলে জানা যায়।

২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর পুঁজিবাজারে আস্থা ফেরানোর লক্ষ্য নিয়ে রাশেদ মাকসুদকে বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। দায়িত্ব গ্রহণের পর তিনি বাজার সংস্কার ও নিয়ন্ত্রক কাঠামো শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন