Thursday, June 4, 2026

বিশ্বকাপের আগে ক্লোজডোর প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান, বেস ক্যাম্প মেক্সিকোতে


ছবিঃ ইরানের জাতীয় ফুটবল দল (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

আসন্ন ফিফা বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচটি দর্শক ও গণমাধ্যমের উপস্থিতি ছাড়া খেলবে ইরান জাতীয় ফুটবল দল। আগামীকাল তুরস্কের আনতালিয়া রিসোর্টে মালির বিপক্ষে অনুষ্ঠিত হবে এই ম্যাচ, যা ক্লোজডোর হিসেবে আয়োজন করা হচ্ছে।

ইরানি ফুটবল ফেডারেশনের দেওয়া তথ্য অনুযায়ী, দলের কৌশলগত পরিকল্পনা গোপন রাখার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ম্যাচে কোনো দর্শক বা গণমাধ্যমকর্মী প্রবেশের অনুমতি পাবে না বলে জানানো হয়েছে।

ফেডারেশন আরও জানিয়েছে, মালির বিপক্ষে ম্যাচটি বিশ্বকাপ প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর পরদিনই দলটি তাদের মূল বেস ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেবে।

জানা গেছে, শনিবার ইরান দল মেক্সিকোর উদ্দেশে যাত্রা করবে এবং সেখানে বিশ্বকাপের জন্য চূড়ান্ত প্রস্তুতি শুরু করবে। আগে তাদের বেস ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় নির্ধারিত থাকলেও পরে ফিফার সঙ্গে আলোচনার মাধ্যমে তা পরিবর্তন করে মেক্সিকোর টিজুয়ানায় স্থানান্তর করা হয়।

ফেডারেশন সূত্রে জানা যায়, চলমান পরিস্থিতি বিবেচনায় দলটি তুরস্কের আনতালিয়ায় দুটি পৃথক প্রস্তুতি ক্যাম্প সম্পন্ন করেছে। এখন পর্যন্ত ইরান তিনটি প্রীতি ম্যাচ খেলেছে, যেখানে নাইজেরিয়ার বিপক্ষে হারলেও কোস্টারিকা ও গাম্বিয়ার বিপক্ষে জয় পেয়েছে তারা।

নতুন পরিকল্পনা অনুযায়ী, টিজুয়ানা বেস ক্যাম্প থেকে ইরান দল সীমান্ত অতিক্রম করে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে গিয়ে গ্রুপ পর্বের দুটি ম্যাচ খেলবে। এরপর সিয়াটলে অনুষ্ঠিত হবে গ্রুপের শেষ ম্যাচ, যেখানে তাদের প্রতিপক্ষ মিশর।

বিশ্বকাপ শুরুর আগে দলটির এই প্রস্তুতি এবং কৌশলগত গোপনীয়তা নিয়ে ফুটবল মহলে আগ্রহ তৈরি হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন