- ০৪ জুন, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
বিশ্বকাপের প্রস্তুতি সামনে রেখে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুশীলন চালিয়ে যাচ্ছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। বুধবার (৩ জুন) দলের দ্বিতীয় অনুশীলন সেশন অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় ২০০ দর্শক মাঠে উপস্থিত থেকে অনুশীলন উপভোগ করেন। ব্রাজিলিয়ান সমর্থকদের পাশাপাশি স্থানীয় ফুটবলপ্রেমীরাও এতে অংশ নেন।
ফিফার নির্দেশনা অনুযায়ী অংশগ্রহণকারী দলগুলোর সঙ্গে স্থানীয় দর্শকদের যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে এই উন্মুক্ত অনুশীলনের আয়োজন করা হয়। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) সেই পরিকল্পনার অংশ হিসেবেই অনুশীলন সেশনটি দর্শকদের জন্য উন্মুক্ত রাখে।
অনুশীলনে খেলোয়াড়দের ফিটনেস ও কৌশলগত প্রস্তুতির পাশাপাশি আসন্ন প্রীতি ম্যাচের পরিকল্পনাও পর্যালোচনা করেন কোচিং স্টাফরা। মিশরের বিপক্ষে প্রীতি ম্যাচকে সামনে রেখে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি একাদশে একাধিক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন।
দলের রক্ষণভাগে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের কারণে আগের ম্যাচে বিশ্রামে থাকা মার্কুইনহস ও গ্যাব্রিয়েল মাগালহেসকে শুরুর একাদশে ফের দেখা যেতে পারে।
লেফট-ব্যাক পজিশনেও পরিবর্তনের সম্ভাবনা আছে। সেখানে অ্যালেক্স সান্দ্রোর জায়গায় ডগলাস সান্তোসকে সুযোগ দিতে পারেন আনচেলত্তি।
মধ্যমাঠ ও আক্রমণভাগেও নতুন সমন্বয়ের ইঙ্গিত মিলেছে। পানামার বিপক্ষে পারফরম্যান্সের পর লুকাস পাকেতা ও ইগর থিয়াগো প্রথম একাদশে জায়গা পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন। তাদের সুযোগ দিলে বেঞ্চে যেতে পারেন ম্যাথিউস কুনহা ও লুইস হেনরিক।
তবে দলীয় কৌশলে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই ধারণা করা হচ্ছে। আনচেলত্তি এখনো ৪-২-৪ ফরমেশনেই আস্থা রাখছেন। এই ব্যবস্থায় ডান দিক থেকে পাকেতা মাঝমাঠে ঢুকে খেলার সুযোগ পাবেন, যা আক্রমণভাগকে আরও গতিশীল করবে বলে মনে করা হচ্ছে।
বিশ্বকাপের আগে ব্রাজিলের এই প্রস্তুতি এবং সম্ভাব্য একাদশ নিয়ে সমর্থকদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে।