- ৩০ জুলাই, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
তীব্র আর্থিক সংকট, উচ্চ খেলাপি ঋণ এবং কয়েক বছর ধরে চলমান লোকসানের চাপের মধ্যে ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আদিল চৌধুরী পদত্যাগ করেছেন। চলতি সপ্তাহের শুরুতে তিনি ব্যাংকটির পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেছেন আদিল চৌধুরী। পদত্যাগপত্র জমা দেওয়ার পর থেকে তিনি নিয়মিতভাবে ব্যাংকের কার্যালয়ে যাচ্ছেন না বলেও ন্যাশনাল ব্যাংক সূত্রে জানা গেছে।
গত বছরের ৭ জুলাই তিন বছরের চুক্তিতে ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নেন আদিল চৌধুরী। তবে দায়িত্ব নেওয়ার এক বছরের কিছু বেশি সময়ের মধ্যেই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন।
আদিল চৌধুরীর আগে ন্যাশনাল ব্যাংকের এমডি ছিলেন মো. তৌহিদুল আলম খান। তিনিও নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব থেকে পদত্যাগ করেছিলেন। ফলে ব্যাংকটির শীর্ষ নির্বাহী পদে ধারাবাহিক পরিবর্তন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
ন্যাশনাল ব্যাংকে যোগ দেওয়ার আগে আদিল চৌধুরী ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। বেসরকারি খাতের ব্যাংকিংয়ে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই ব্যাংকার এমন এক সময়ে ন্যাশনাল ব্যাংকের দায়িত্ব নিয়েছিলেন, যখন প্রতিষ্ঠানটি আর্থিক সংকট কাটিয়ে ওঠার নানা চ্যালেঞ্জে ছিল।
বর্তমানে ন্যাশনাল ব্যাংক উচ্চ খেলাপি ঋণ, ধারাবাহিক লোকসান এবং আমানত প্রত্যাহারের চাপের মধ্যে রয়েছে। দীর্ঘদিনের আর্থিক অনিয়ম ও ঋণসংক্রান্ত জটিলতার প্রভাব ব্যাংকটির আর্থিক অবস্থাকে আরও দুর্বল করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
ব্যাংকটির আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২২ সাল থেকে প্রতিবছর লোকসান গুনছে ন্যাশনাল ব্যাংক। উচ্চ খেলাপি ঋণ ও বিভিন্ন আর্থিক অনিয়মের কারণে প্রতিষ্ঠানটির পুঞ্জীভূত লোকসানের পরিমাণ প্রায় ৮ হাজার ৯০০ কোটি টাকায় পৌঁছেছে।
এদিকে, ব্যাংকটির আর্থিক পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ন্যাশনাল ব্যাংককে রাজধানীর পান্থপথে নির্মাণাধীন ‘টুইন টাওয়ার’ ভবন ইজারা দেওয়ার অনুমতি দিয়েছে। ব্যাংকটির সম্পদ ব্যবস্থাপনা ও আর্থিক পুনরুদ্ধার পরিকল্পনার অংশ হিসেবে এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
আওয়ামী লীগ সরকারের সময় দীর্ঘদিন ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদে সিকদার গ্রুপের প্রভাব ছিল। তবে ২০২৪ সালে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের পর ব্যাংকটির পরিচালনায় বড় পরিবর্তন আসে এবং গ্রুপটি নিয়ন্ত্রণ হারায়।
বর্তমানে ন্যাশনাল ব্যাংকের পরিচালনায় মাল্টিমোড গ্রুপ, হোসাফ গ্রুপ ও আর্মানা গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা যুক্ত রয়েছেন।
আর্থিক সংকটের মধ্যেই এমডির পদত্যাগ ন্যাশনাল ব্যাংকের সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। এখন ব্যাংকটির পরবর্তী ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ এবং আর্থিক পুনরুদ্ধার পরিকল্পনা কীভাবে এগোয়, সেদিকেই নজর থাকবে সংশ্লিষ্টদের।