Monday, October 5, 2026

ইয়াশ-নীহার ‘নিয়তি’, শুটিংয়ের সময় পড়ে গিয়ে আহত নীহা


ছবিঃ নাটকের একটি দৃশ্যে ইয়াশ রোহান ও নীহা (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN

জুটি হিসেবে ইয়াশ রোহান ও নাজনীন নীহাকে নিয়মিত নাটকে দেখা না গেলেও তাঁদের অভিনীত কাজ নিয়ে দর্শকদের আগ্রহ রয়েছে। ‘অবুঝ পাখি’, ‘উয়িশ কার্ড’ ও ‘মনের মতো মন’-এর পর এবার নতুন নাটক ‘নিয়তি’ নিয়ে হাজির হয়েছেন এই জুটি।

গত মঙ্গলবার মুক্তি পেয়েছে মুহাম্মদ মিফতাহ্ আনান পরিচালিত নাটকটি। নির্মাতার ভাষ্য, শুরুতে এটি ছিল ইয়াশ ও নীহার দ্বিতীয় যৌথ কাজ। নানা কারণে নাটকটির প্রচারে কিছুটা সময় লেগেছে।

কলেজপড়ুয়া দুই তরুণ-তরুণীর প্রেমের গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘নিয়তি’। নাটকটির বেশির ভাগ শুটিং হয়েছে জয়দেবপুরের একটি কলেজে। গল্পের পাশাপাশি শুটিংয়ের সময় ঘটে যাওয়া একটি ঘটনাও এখন আলোচনায় এসেছে।

নির্মাতা মিফতাহ্ আনান জানান, নাটকের একটি দৃশ্যে নায়িকাকে কোলে তুলে সারপ্রাইজ দিতে গিয়ে নায়কের পড়ে যাওয়ার কথা ছিল। দৃশ্যটিকে কৃত্রিম না রেখে বাস্তবসম্মতভাবে ধারণ করতে চেয়েছিলেন তাঁরা। কিন্তু কয়েকবার চেষ্টা করেও সেটি ঠিকভাবে করা সম্ভব হচ্ছিল না।

পরে বাস্তবভাবেই দৃশ্যটি ধারণের চেষ্টা করা হয়। এ সময় ইয়াশের কোল থেকে দুইবার পড়ে যান নীহা। এতে কিছুটা ব্যথাও পান তিনি। তবে দৃশ্যটি বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তুলতে দুই অভিনয়শিল্পীর আন্তরিকতা ও আগ্রহে মুগ্ধ হয়েছেন বলে জানান নির্মাতা।

‘নিয়তি’তে ইয়াশ রোহান ও নাজনীন নীহার পাশাপাশি অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম ও জয়নাল জ্যাক। নাটকটি প্রযোজনা করেছে সিএমভি।

কলেজজীবনের প্রেম, সম্পর্কের টানাপোড়েন এবং তরুণ-তরুণীদের আবেগকে ঘিরে নির্মিত নাটকটি মুক্তির পর দর্শকদের মধ্যে কেমন সাড়া ফেলে, এখন সেটিই দেখার বিষয়।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন