Thursday, April 23, 2026

টিকিট বিক্রি বাড়াতে নতুন উদ্যোগ ফিফার


ফাইল ছবিঃ ফুটবল বিশ্বকাপের ট্রফি। (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

আসন্ন বিশ্বকাপের টিকিট বিক্রি আরও বাড়াতে নতুন পদক্ষেপ নিয়েছে ফিফা। আগে উচ্চমূল্যের নতুন ক্যাটাগরি চালু করে সমালোচনার মুখে পড়লেও এবার সংস্থাটি আরও বেশি টিকিট উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার বাংলাদেশ সময় রাত ৯টা থেকে বিশ্বকাপের ১০৪টি ম্যাচের জন্য টিকিট বিক্রি শুরু হবে। এতে ১, ২ ও ৩ নম্বর ক্যাটাগরির পাশাপাশি নতুন ‘ফ্রন্ট ক্যাটাগরি’র টিকিটও অন্তর্ভুক্ত থাকবে।

নতুন এই ক্যাটাগরি চালুর পর সমর্থকদের একাংশ অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, আগের ধাপে বিক্রি হওয়া টিকিটের তুলনায় ভালো আসনের টিকিট আলাদা করে রাখা হয়েছিল, ফলে তারা কম সুবিধাজনক আসন পেয়েছেন।

এর আগে ডিসেম্বর মাসে টিকিট বিক্রির প্রথম ধাপে ক্যাটাগরি ৩-এর টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছিল ১৪০ থেকে ৮,৬৮০ মার্কিন ডলার পর্যন্ত। তবে এপ্রিলের দ্বিতীয় ধাপে সর্বোচ্চ মূল্য বেড়ে ১০,৯৯০ ডলারে পৌঁছায়, যা নিয়ে সমালোচনা আরও বাড়ে।

এদিকে কিছু ম্যাচে প্রত্যাশিত হারে টিকিট বিক্রি না হওয়ায় আয়োজকদের উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের মধ্যকার ম্যাচ এবং ইরান বনাম নিউজিল্যান্ড ম্যাচের টিকিট বিক্রি এখনো পুরোপুরি সন্তোষজনক নয় বলে জানা গেছে।

বিশ্লেষকদের মতে, উচ্চমূল্য ও ক্যাটাগরি বিভাজনের কারণে অনেক সমর্থক টিকিট কেনা থেকে বিরত থাকছেন। ফলে বিক্রি বাড়াতে ফিফার এই নতুন উদ্যোগ কতটা কার্যকর হয়, তা এখন দেখার বিষয়।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন