Thursday, February 26, 2026

সৌদি আরবের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষর নিষেধাজ্ঞা: বাংলাদেশসহ ৪০ দেশ থেকে মুরগি ও ডিম আমদানি বন্ধ


ফাইল ছবিঃ ডিম ও মুরগি (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

জনস্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে বাংলাদেশসহ বিশ্বের ৪০টি দেশ থেকে মুরগি ও ডিম আমদানির ওপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরবের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ (এসএফডিএ)। আন্তর্জাতিক সংবাদমাধ্যম গুলফ নিউজ –এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন দেশে বার্ড ফ্লুর উচ্চমাত্রার প্রাদুর্ভাব এবং বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হবে এবং ঝুঁকি কমে এলে তালিকা পুনর্বিবেচনা করা হতে পারে। জনস্বাস্থ্যের ঝুঁকি অব্যাহত থাকলে নিষেধাজ্ঞাও বহাল থাকবে বলে জানানো হয়েছে।

নিষিদ্ধ তালিকায় বাংলাদেশ ছাড়াও ভারত, চীন, পাকিস্তান, যুক্তরাজ্য, জাপান, জার্মানি, দক্ষিণ কোরিয়া, মিশর ও মিয়ানমারসহ একাধিক দেশ রয়েছে। কিছু দেশের ক্ষেত্রে ২০০৪ সাল থেকেই এ ধরনের বিধিনিষেধ কার্যকর ছিল; সাম্প্রতিক ঝুঁকি বিবেচনায় নতুন করে কয়েকটি দেশ যুক্ত হয়েছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স ও অস্ট্রেলিয়ার নির্দিষ্ট অঙ্গরাজ্য বা শহর থেকে আংশিক আমদানিতেও সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। সৌদি আরব বছরে উল্লেখযোগ্য পরিমাণ ডিম আমদানি করে, যার বড় অংশ আসে ওমান, নেদারল্যান্ডস, জর্ডান ও তুরস্ক থেকে। মুরগির মাংসের চাহিদার বড় অংশ ব্রাজিল থেকে আমদানির মাধ্যমে পূরণ করা হয়।

তবে কাঁচা মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা থাকলেও নির্ধারিত স্বাস্থ্যমান পূরণ সাপেক্ষে প্রক্রিয়াজাত মুরগির মাংস ও সংশ্লিষ্ট পণ্য আমদানির সুযোগ রাখা হয়েছে। এ ক্ষেত্রে রপ্তানিকারক দেশকে সরকারি সনদ দিতে হবে, যেখানে নিশ্চিত করতে হবে যে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বার্ড ফ্লু ও নিউক্যাসল রোগের ভাইরাস সম্পূর্ণরূপে নির্মূল হয়েছে। পাশাপাশি উৎপাদনকারী স্থাপনাও সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের অনুমোদিত হতে হবে।

বর্তমানে সৌদি আরব তাদের মুরগির মাংসের প্রায় ৭০ শতাংশ নিজস্ব উৎপাদন থেকে সংগ্রহ করে, বাকি অংশ আমদানিনির্ভর। নতুন এই সিদ্ধান্তে তালিকাভুক্ত দেশগুলোর পোল্ট্রি খাতে রপ্তানি বাজারে চাপ সৃষ্টি হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। আন্তর্জাতিক স্বাস্থ্যমান মেনে উৎপাদন ও ভাইরাস নিয়ন্ত্রণে সক্ষমতা প্রমাণ করাই এখন রপ্তানিকারকদের বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন