Wednesday, August 12, 2026

সার্ভ রোবোটিকসে সব শেয়ার বিক্রি করে দিল উবার


ছবিঃ উবার (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

স্বয়ংক্রিয় ডেলিভারি রোবট নির্মাতা প্রতিষ্ঠান সার্ভ রোবোটিকসে (Serve Robotics) থাকা নিজেদের সব শেয়ার বিক্রি করে দিয়েছে রাইড-শেয়ারিং জায়ান্ট উবার। নিয়ন্ত্রক সংস্থার কাছে জমা দেওয়া নথিতে বিনিয়োগ প্রত্যাহারের বিষয়টি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

ব্লুমবার্গের প্রতিবেদনে প্রথম বিষয়টি সামনে আসে। নিয়ন্ত্রক নথি পর্যালোচনায় দেখা গেছে, উবার গত বছর থেকেই সার্ভ রোবোটিকসে নিজেদের অংশীদারত্ব ধীরে ধীরে কমাচ্ছিল। শেষ পর্যন্ত পুরো বিনিয়োগ থেকে বেরিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।

তবে উবারের পুরোপুরি সরে যাওয়ার বিষয়টি সার্ভ রোবোটিকসের জন্য কিছুটা অপ্রত্যাশিত ছিল বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। সূত্রটির দাবি, নিয়ন্ত্রক নথিতে বিষয়টি প্রকাশ পাওয়ার পরই সার্ভ কর্তৃপক্ষ এ সিদ্ধান্তের কথা জানতে পারে। এ বিষয়ে উবারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সার্ভ রোবোটিকসের যাত্রা শুরু হয়েছিল পোস্টমেটসের রোবোটিকস বিভাগ ‘পোস্টমেটস এক্স’ হিসেবে। ২০২০ সালে ২৬৫ কোটি ডলারে পোস্টমেটসকে অধিগ্রহণ করে উবার। পরের বছর রোবোটিকস বিভাগটি আলাদা প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে ‘সার্ভ রোবোটিকস’ নামে।

উবার শুধু সার্ভে বিনিয়োগই করেনি, প্রতিষ্ঠানটির সঙ্গে ব্যবসায়িক অংশীদারত্বও গড়ে তুলেছিল। ২০২২ সালে দুই কোম্পানির মধ্যে অংশীদারত্ব শুরু হয়। পরের বছর এর পরিধি আরও বাড়ানো হয়। তখন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বাজারে উবার ইটসের প্ল্যাটফর্মে সার্ভের সর্বোচ্চ ২ হাজারটি স্বয়ংক্রিয় ডেলিভারি রোবট যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছিল।

কিন্তু সাম্প্রতিক সময়ে দুই প্রতিষ্ঠানের ব্যবসায়িক সম্পর্কের গতিপথ বদলাতে শুরু করে।

সার্ভ রোবোটিকসের প্রধান নির্বাহী ও সহপ্রতিষ্ঠাতা আলি কাশানি সম্প্রতি কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের আয়সংক্রান্ত এক আলোচনায় উবারের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের পরিবর্তনের ইঙ্গিত দেন।

তিনি জানান, ২০২২ সালের প্রথম প্রান্তিক থেকে চলতি বছরের প্রথম প্রান্তিক পর্যন্ত টানা ১৭ প্রান্তিকে উবারের মাধ্যমে সার্ভের ডেলিভারি বাড়ছিল। তবে দ্বিতীয় প্রান্তিকে প্রথমবারের মতো সেই ধারায় ছেদ পড়ে। প্রত্যাশার তুলনায় রোবটের ব্যবহার কমে যাওয়াকেই এর কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।

কাশানির ভাষ্য অনুযায়ী, স্বয়ংক্রিয় ডেলিভারি বহর বড় করার কার্যক্রম কীভাবে পরিচালনা করা হবে, তা নিয়ে উবার ও সার্ভের মধ্যে কিছু মৌলিক মতপার্থক্য তৈরি হয়েছে। বিশেষ করে রোবট বহর পরিচালনা ও সমন্বয় এবং ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে প্রযুক্তিগত সংযোগের মতো বিষয়গুলোতে দুই পক্ষের দৃষ্টিভঙ্গিতে পার্থক্য রয়েছে।

অন্যদিকে একই সময়ে সার্ভ রোবোটিকসের আরেক খাদ্য সরবরাহ অংশীদারের মাধ্যমে ডেলিভারি এক প্রান্তিকে প্রায় ৫০ শতাংশ বেড়েছে বলে জানান কাশানি।

এই পরিস্থিতিতে ২০২৭ সালের শুরুতে উবারের সঙ্গে বর্তমান অংশীদারত্বের মেয়াদ শেষ হওয়ার পর সেটি নবায়ন করা সার্ভের জন্য যৌক্তিক হবে না বলেও তিনি ইঙ্গিত দিয়েছিলেন।

উবার গত কয়েক বছরে স্বয়ংক্রিয় যানবাহন ও রোবোটিকস প্রযুক্তির ৩০টির বেশি প্রতিষ্ঠানের সঙ্গে বিনিয়োগ বা অংশীদারত্ব করেছে। সেই বিস্তৃত কৌশলের অংশ হিসেবেই সার্ভ রোবোটিকসের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল। তবে উবারের সর্বশেষ শেয়ার বিক্রির মধ্য দিয়ে দুই প্রযুক্তি প্রতিষ্ঠানের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক এখন নতুন মোড় নিল।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন