Saturday, July 25, 2026

প্রশ্নফাঁস ইস্যুর চাপের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ


ছবিঃ ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে চলমান রাজনৈতিক চাপ ও দেশজুড়ে বিক্ষোভের মধ্যেই পদত্যাগ করেছেন দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে জাতীয় পর্যায়ের পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। বিশেষ করে মেডিকেল ভর্তি পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগ সামনে আসার পর শিক্ষা মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে বিরোধী দলসহ বিভিন্ন সংগঠন তীব্র সমালোচনা শুরু করে।

গত কয়েকদিন ধরে রাজধানী নয়াদিল্লিসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। আন্দোলনকারীদের অভিযোগ, পরীক্ষা ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে, যার দায় এড়ানোর সুযোগ নেই।

এদিকে, ককরোচ জনতা পার্টি (সিজেপি) শুক্রবারও দিল্লির যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি পালন করে। দলটির নেতারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। আন্দোলনে অংশ নেওয়া সমর্থকদের নানা ধরনের প্রতীকী প্রতিবাদও জনমনে আলোচনার জন্ম দেয়।

এই রাজনৈতিক ও জনমতের চাপের মধ্যেই ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের সিদ্ধান্ত নেন। তবে তার পদত্যাগের বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনও বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বক্তব্য প্রকাশ করা হয়নি। নতুন শিক্ষামন্ত্রী হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়েও এখন পর্যন্ত কোনো ঘোষণা আসেনি।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক পরীক্ষা-সংক্রান্ত বিতর্ক ভারতের শিক্ষা ব্যবস্থার জবাবদিহিতা এবং পরীক্ষা পরিচালনার স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ সেই সংকট মোকাবিলায় সরকারের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন