Sunday, October 11, 2026

এআই পডকাস্ট প্রযুক্তি ও কর্মী নিতে হুক্সের সঙ্গে চুক্তি অ্যাপলের


ছবিঃ পডকাস্ট (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ব্যক্তিগত অডিও সেবাদাতা স্টার্টআপ হুক্সের (Huxe) কর্মী ও প্রযুক্তি নিজেদের আওতায় আনার উদ্যোগ নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। এ লক্ষ্যে হুক্সের নির্দিষ্ট কিছু কর্মীকে চাকরির প্রস্তাব দেওয়া এবং প্রতিষ্ঠানটির মেধাস্বত্ব ব্যবহারের জন্য লাইসেন্স নেওয়ার বিষয়ে চুক্তিতে পৌঁছেছে দুই পক্ষ।

ইউরোপীয় কমিশনের কাছে জমা দেওয়া এক নিয়ন্ত্রক নথিতে অ্যাপল এ চুক্তির কথা জানিয়েছে। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ম্যাকরিউমরস প্রথম এ তথ্য প্রকাশ করে। নথি অনুযায়ী, হুক্স এআইয়ের নির্দিষ্ট কিছু কর্মীকে নিয়োগের প্রস্তাব দেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানটির মেধাস্বত্ব ব্যবহারের জন্য অননুমোদিত নয়, বরং অ-একচেটিয়া লাইসেন্স নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে অ্যাপল। অর্থাৎ, লাইসেন্সের আওতায় অন্য পক্ষেরও ওই মেধাস্বত্ব ব্যবহারের সুযোগ থাকতে পারে।

প্রযুক্তি খাতে এ ধরনের চুক্তিকে ‘রিভার্স অ্যাকুই-হায়ার’ বলা হয়। এতে কোনো স্টার্টআপকে পুরোপুরি অধিগ্রহণ না করেই বড় প্রতিষ্ঠান তার দক্ষ কর্মী ও প্রযুক্তি ব্যবহারের সুযোগ পায়। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে প্রতিভাবান কর্মী ও প্রযুক্তি নিজেদের সক্ষমতার সঙ্গে যুক্ত করতে এ পদ্ধতি ব্যবহার করছে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।

হুক্স প্রতিষ্ঠা করেছিলেন এমন কয়েকজন প্রযুক্তিবিদ, যাঁরা আগে গুগলের নোটবুকএলএমে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পডকাস্ট তৈরির সুবিধা নিয়ে কাজ করেছিলেন। গুগলের ওই সেবাটির নাম পরে পরিবর্তন করে ‘জেমিনি নোটবুক’ রাখা হয়।

গত ২১ মে হুক্স তাদের সেবা বন্ধের ঘোষণা দেয়। প্রতিষ্ঠানটি জানায়, অ্যাপল ও গুগলের অ্যাপ স্টোর থেকে তাদের অ্যাপ সরিয়ে নেওয়া হবে, সেবা বন্ধ করা হবে এবং ব্যবহারকারীদের তথ্য মুছে ফেলা হবে। পণ্যের উন্নয়নকাজ আর চালিয়ে না যাওয়ার সিদ্ধান্তের কথাও জানায় প্রতিষ্ঠানটি।

হুক্সের সেবা বন্ধের ঘোষণার কয়েক সপ্তাহ পর, ৯ জুন অ্যাপল ইউরোপীয় কমিশনকে তাদের চুক্তির বিষয়ে অবহিত করে। তবে ঠিক কোন কর্মীদের চাকরির প্রস্তাব দেওয়া হয়েছে, তাঁরা প্রস্তাব গ্রহণ করেছেন কি না কিংবা হুক্সের প্রযুক্তি ব্যবহার করে অ্যাপল কী ধরনের নতুন সুবিধা আনতে চায় এসব বিষয়ে নথিতে বিস্তারিত জানানো হয়নি।

প্রযুক্তি খাতে ব্যক্তিগত পছন্দ অনুযায়ী অডিও তৈরি ও শোনার সুবিধা নিয়ে আগ্রহ বাড়ছে। এর আগে স্পটিফাইও পডকাস্টের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রশ্নোত্তর ও সংক্ষিপ্ত বিবরণ তৈরির সুবিধা চালুর কথা জানিয়েছিল। এ পরিস্থিতিতে হুক্সের কর্মী ও প্রযুক্তি নিয়ে অ্যাপলের উদ্যোগ তাদের পডকাস্ট সেবায় নতুন এআই সুবিধা যুক্ত করার সম্ভাবনা তৈরি করেছে। তবে এ বিষয়ে অ্যাপলের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো পরিকল্পনা প্রকাশ করা হয়নি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন