Sunday, October 11, 2026

ব্যাংক খাত পুনরুদ্ধারে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন, সময় লাগতে পারে ৮ বছর


ছবিঃ বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

দেশের ব্যাংক খাতের ব্যাপক আর্থিক অনিয়ম, অর্থপাচার ও কাঠামোগত ক্ষতি কাটিয়ে উঠতে আগামী পাঁচ থেকে আট বছর পর্যন্ত প্রতিবছর জাতীয় বাজেট থেকে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ওয়ান ব্যাংক পিএলসি আয়োজিত বাংলা কিউআর লেনদেনের প্রচার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ব্যাংক খাতের সংকটের ভয়াবহতা তুলে ধরে গভর্নর বলেন, দায়িত্ব গ্রহণের সময় তিনি দেখতে পান, ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ লুট হয়ে গেছে। আর্থিক খাতে অনিয়ম ও অর্থপাচারের কারণে বিপুল পরিমাণ অর্থ ব্যবস্থার বাইরে চলে যাওয়ায় দেশের অর্থনীতিতে এর বড় ধরনের প্রভাব পড়েছে।

এই অর্থের বিকল্প ব্যবহার তুলে ধরে মোস্তাকুর রহমান বলেন, বিপুল পরিমাণ অর্থ দিয়ে দেশের দুই কোটি পরিবারকে সহায়তা দেওয়া সম্ভব ছিল। একই অর্থ দিয়ে পদ্মা সেতুর মতো দুটি বড় অবকাঠামো প্রকল্পও নির্মাণ করা যেত।

ব্যাংক খাতে তারল্য সংকট সৃষ্টির পেছনে দায়ীদের সমালোচনা করে গভর্নর বলেন, এ ধরনের অপরাধের ভয়াবহতা বোঝাতে প্রচলিত শব্দও যথেষ্ট নয়। তাঁর ভাষায়, জনগণের অর্থ লুট করা হয়েছে; এটি সাধারণ চুরি নয়, বরং পরিকল্পিত লুটপাট।

তবে ব্যাংক খাত পুনরুদ্ধার এবং আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি। গভর্নর জানান, লুট হওয়া সম্পদ উদ্ধারে এবং অনিয়ম ও অর্থপাচারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে ইতোমধ্যে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দীর্ঘমেয়াদি উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তাঁর বক্তব্যে উঠে আসে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন