Tuesday, August 18, 2026

এআই অবকাঠামো ব্যবসায় ৩৫০ মিলিয়ন ডলার তুলল গ্রক, মূল্যায়ন ৩.৫ বিলিয়ন ডলার


ছবিঃ (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামো ও ক্লাউড ব্যবসায় নিজেদের অবস্থান শক্ত করতে ৩৫০ মিলিয়ন মার্কিন ডলার নতুন বিনিয়োগ সংগ্রহ করেছে এআই স্টার্টআপ গ্রক। নতুন এই অর্থায়নের নেতৃত্ব দিয়েছে বিনিয়োগ প্রতিষ্ঠান ডিসরাপটিভ। পরিকল্পিতভাবে এতে এনভিডিয়াও অংশ নেওয়ার কথা রয়েছে।

নতুন অর্থায়নের পর গ্রকের মূল্যায়ন দাঁড়িয়েছে ৩.৫ বিলিয়ন ডলারে। গত বছরের সেপ্টেম্বরে কোম্পানিটির মূল্যায়ন ছিল প্রায় ৬.৯ বিলিয়ন ডলার। তবে গ্রকের পক্ষ থেকে এটিকে আগের তুলনায় কম মূল্যায়নে নতুন বিনিয়োগ বা ‘ডাউন রাউন্ড’ হিসেবে দেখা হচ্ছে না। বরং এনভিডিয়ার সঙ্গে বড় অঙ্কের লাইসেন্সিং চুক্তির পর কোম্পানিটির নতুন পর্যায়ের মূল্যায়ন হিসেবে বিষয়টিকে ব্যাখ্যা করা হয়েছে।

গ্রকের বর্তমান রূপান্তরের পেছনে রয়েছে বড় ধরনের পরিবর্তন। শুরুতে প্রতিষ্ঠানটি এনভিডিয়ার সঙ্গে প্রতিযোগিতা করতে নিজস্ব এআই চিপ তৈরি করছিল। প্রতিষ্ঠানটির তৈরি ‘ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ইউনিট’ বা এলপিইউ মূলত এআই ইনফারেন্সের জন্য তৈরি করা হয়েছিল। ইনফারেন্স হলো এআই মডেলকে বাস্তব সময়ে ব্যবহার বা চালানোর জন্য প্রয়োজনীয় কম্পিউটিং প্রক্রিয়া।

তবে গত বছরের শেষ দিকে গ্রকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাথন রস এবং কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মী এনভিডিয়ায় যোগ দেওয়ার পর প্রতিষ্ঠানটির ব্যবসায়িক কৌশলে বড় পরিবর্তন আসে। ২০ বিলিয়ন ডলারের একটি লাইসেন্সিং চুক্তির মাধ্যমে এনভিডিয়া গ্রকের প্রযুক্তি ব্যবহারের অধিকার নেয় এবং কোম্পানিটির শীর্ষ পর্যায়ের প্রতিভাবানদের একটি অংশ নিজেদের সঙ্গে যুক্ত করে।

এর পর গ্রক নিজস্ব চিপ নির্মাণে পুরোপুরি নির্ভরশীল থাকার পরিবর্তে ক্লাউড ও ডেটা সেন্টারভিত্তিক ব্যবসায় ঝুঁকে পড়ে। বর্তমানে প্রতিষ্ঠানটি এনভিডিয়ার সিস্টেম ব্যবহার করে এআই অবকাঠামো ও ক্লাউড সেবা দিচ্ছে।

চলতি বছরের জুনেও গ্রক ৬৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ সংগ্রহ করেছিল। কোম্পানিটি আগামী বছর তাদের ডেটা সেন্টারের সক্ষমতা ৫৪ মেগাওয়াট থেকে বাড়িয়ে ২০০ মেগাওয়াটের বেশি করার পরিকল্পনা করছে।

বর্তমানে উত্তর আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলে গ্রকের ১৩টি ডেটা সেন্টার রয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এসব অবকাঠামোর মাধ্যমে তারা ৬০ লাখের বেশি ডেভেলপার, প্রতিষ্ঠান এবং এআইনির্ভর কোম্পানিকে সেবা দিচ্ছে।

নতুন অর্থায়নের অর্থ মূলত বড় ও মাঝারি আকারের এনভিডিয়া-চালিত কম্পিউটিং ক্লাস্টার ব্যবহারে আগ্রহী গ্রাহকদের জন্য অবকাঠামো সম্প্রসারণে ব্যয় করা হবে বলে জানিয়েছে গ্রক। এ ধরনের অবকাঠামো এআই মডেল প্রশিক্ষণ ও ইনফারেন্স দুই ক্ষেত্রেই ব্যবহার করা যাবে।

গ্রকের চেয়ারম্যান ও ডিসরাপটিভের প্রধান নির্বাহী অ্যালেক্স ডেভিস বলেন, প্রতিষ্ঠানটির লক্ষ্য বিশ্বের শীর্ষস্থানীয় এআই ইনফারেন্স ক্লাউডে পরিণত হওয়া। এআই অবকাঠামোর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বড় স্তরগুলোর একটি হিসেবে ইনফারেন্স ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলেও মন্তব্য করেন তিনি।

তবে এআই অবকাঠামোভিত্তিক ‘নিওক্লাউড’ ব্যবসা দীর্ঘমেয়াদে কতটা লাভজনক হবে, তা নিয়ে এখনো প্রশ্ন রয়েছে। এই খাতে বিপুল মূলধন বিনিয়োগের পাশাপাশি ডেটা সেন্টার পরিচালনা ও আধুনিক এআই হার্ডওয়্যার সংগ্রহের ব্যয়ও অনেক বেশি।

গ্রকের আর্থিক হিসাব এখনো প্রকাশ্যে না এলেও কোম্পানিটির নতুন ব্যবসায়িক কৌশল তাকে এনভিডিয়ার বিস্তৃত এআই অবকাঠামো ইকোসিস্টেমের আরও কাছাকাছি নিয়ে গেছে। বর্তমানে কোরউইভ, ল্যাম্বডা ও নেবিয়াসের মতো একাধিক নিওক্লাউড প্রতিষ্ঠানও এনভিডিয়ার জিপিইউ ব্যবহার করে এআই কম্পিউটিং সেবা দিচ্ছে। পাশাপাশি এসব প্রতিষ্ঠানের কিছুতে বিনিয়োগও করছে এনভিডিয়া।

ফলে দ্রুত বাড়তে থাকা এআই কম্পিউটিং চাহিদার বাজারে গ্রকের নতুন যাত্রা একদিকে যেমন বড় সুযোগ তৈরি করছে, অন্যদিকে বিপুল অবকাঠামোগত ব্যয় ও লাভজনকতা নিশ্চিত করার চ্যালেঞ্জও সামনে নিয়ে আসছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন