- ১১ অক্টোবর, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান ব্যবস্থার পুনর্মূল্যায়ন এবং আরও শক্তিশালী নিয়ন্ত্রণ কাঠামো গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা। তাঁর মতে, এআই ব্যবস্থার দেওয়া পরামর্শ, উত্তর কিংবা নেওয়া পদক্ষেপ যাচাই না করে গ্রহণ করার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। একই সঙ্গে এআইয়ের কার্যক্রমের ওপর মানুষের কার্যকর নিয়ন্ত্রণ বজায় রাখা জরুরি।
শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নাদেলা বলেন, এআইয়ের নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে এর নিয়ন্ত্রণব্যবস্থা নতুন করে পর্যালোচনার সময় এসেছে। বিশেষ করে উন্নত এআই ব্যবস্থার কাজ কীভাবে পরিচালিত হচ্ছে এবং সেগুলোর ওপর কীভাবে নজরদারি রাখা হচ্ছে, তা আরও স্বচ্ছ হওয়া প্রয়োজন।
নাদেলার প্রস্তাব অনুযায়ী, এআই মডেল এবং মডেলটির কাজ পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত ব্যবস্থাকে আলাদা করে দেখতে হবে। পাশাপাশি নিরাপত্তা-সংক্রান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষাব্যবস্থা এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে মডেলের কার্যক্রম পর্যবেক্ষণ ও প্রয়োজন অনুযায়ী নিয়ন্ত্রণ করা যায়।
তিনি আরও বলেন, এআই মডেলের প্রতিটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের এমন নথি সংরক্ষণ করা প্রয়োজন, যা মানুষ সহজে বুঝতে পারবেন এবং পরে পরিবর্তন করা হয়েছে কি না, তা যাচাই করা সম্ভব হবে। পাশাপাশি অনুমোদিত কোনো ব্যক্তির হাতে চলমান কাজের মাঝপথেই এআই মডেল থামিয়ে দেওয়া বা পুরোপুরি বন্ধ করার ক্ষমতা থাকতে হবে।
এআই ব্যবস্থাকে শুরু থেকেই সম্ভাব্যভাবে ঝুঁকিপূর্ণ ধরে নিয়ে প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা তৈরির ওপরও গুরুত্ব দিয়েছেন নাদেলা। তাঁর মতে, জরুরি পরিস্থিতিতে মডেলের কার্যক্রম থামিয়ে দেওয়ার ব্যবস্থা একটি কার্যকর ‘জরুরি ব্রেকের’ মতো কাজ করতে পারে।
প্রযুক্তি খাতে উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ার প্রেক্ষাপটে নাদেলার এ বক্তব্য এসেছে। বিভিন্ন এআই প্রতিষ্ঠান তাদের মডেল ও স্বয়ংক্রিয় এআই এজেন্টের কার্যক্রম নির্ভরযোগ্যভাবে নিয়ন্ত্রণ করার চ্যালেঞ্জের কথা স্বীকার করছে।
এর আগে অ্যানথ্রোপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা দারিও আমোদেইও উন্নত এআই প্রযুক্তির বিকাশ আরও সতর্কভাবে এগিয়ে নেওয়ার একটি পরিকল্পনা তুলে ধরেছিলেন। এসব উদ্যোগের মধ্য দিয়ে এআইয়ের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সম্ভাব্য ঝুঁকি নিয়ন্ত্রণের বিষয়টি প্রযুক্তি খাতের আলোচনায় গুরুত্ব পাচ্ছে।
নাদেলার বক্তব্যে মূলত তিনটি বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে—এআইয়ের কার্যক্রমের স্বচ্ছতা, প্রতিটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের নির্ভরযোগ্য নথি এবং মানুষের হাতে কার্যকর নিয়ন্ত্রণের ক্ষমতা। তবে এসব প্রস্তাব বাস্তবায়নে কী ধরনের প্রযুক্তিগত বা নীতিগত পরিবর্তন প্রয়োজন হবে, সে বিষয়ে তিনি বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেননি।