Sunday, October 4, 2026

বালিতে দুর্ঘটনায় মেরুদণ্ড ভাঙল নুসরাত ভারুচার, এয়ার অ্যাম্বুলেন্সে ফিরছেন মুম্বাই


ফাইল ছবিঃ বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

ইন্দোনেশিয়ার বালিতে দুর্ঘটনায় মেরুদণ্ডে গুরুতর আঘাত পেয়েছেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। তাঁর মেরুদণ্ডের একটি হাড় ভেঙে গেছে। বর্তমানে বালির একটি হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। অস্ত্রোপচারের জন্য তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে মুম্বাইয়ে ফিরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে।

নুসরাতের জনসংযোগ কর্মকর্তা সঞ্চিতা ত্রিবেদী এক বিবৃতিতে জানিয়েছেন, কাজ ও অবকাশযাপনের উদ্দেশ্যে বালিতে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানে দুর্ঘটনার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসকদের মূল্যায়ন শেষে মুম্বাইয়ে তাঁর মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হবে।

সঞ্চিতা ত্রিবেদী বলেন, নুসরাতের শারীরিক সুস্থতাই এখন তাঁদের প্রধান অগ্রাধিকার। বালি থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে মুম্বাইয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সেখানেই অস্ত্রোপচার সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

তবে দুর্ঘটনাটি ঠিক কবে, কোথায় বা কীভাবে ঘটেছে, সে বিষয়ে তাঁর জনসংযোগ দলের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি। একইভাবে মুম্বাইয়ে তাঁকে নেওয়ার সম্ভাব্য সময় কিংবা অস্ত্রোপচারের তারিখও এখনো নির্ধারণ করা হয়নি।

এর আগে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে নুসরাতের বালিতে আহত হওয়ার খবর প্রকাশিত হয়। তবে তাঁর আঘাতের প্রকৃতি নিয়ে তখন স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। কয়েকটি প্রতিবেদনে শুটিং চলাকালে দুর্ঘটনার কথা বলা হলেও নুসরাতের জনসংযোগ কর্মকর্তার দেওয়া বিবৃতিতে শুটিং সেটে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করা হয়নি।

অস্ত্রোপচারের পর নুসরাতকে পর্যাপ্ত বিশ্রামে থাকতে হতে পারে। ফলে আগামী কয়েক সপ্তাহের তাঁর পেশাগত ব্যস্ততায় প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তবে কোন কোন কাজ স্থগিত বা পিছিয়ে যেতে পারে, কিংবা কতদিন তাঁকে বিশ্রামে থাকতে হবে—এ বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

নুসরাতের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর জন্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আহ্বান জানিয়েছে তাঁর জনসংযোগ দল। একই সঙ্গে তাঁর দ্রুত সুস্থতার জন্য যারা শুভকামনা জানিয়েছেন, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। চিকিৎসা ও সুস্থতার অগ্রগতি সম্পর্কে উপযুক্ত সময়ে পরবর্তী তথ্য জানানো হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে পেশাগত জীবনে নতুন কয়েকটি কাজ নিয়েও ব্যস্ত ছিলেন নুসরাত। পরিচালক রেমো ডিসুজার একটি অ্যাকশন ছবিতে টাইগার শ্রফের সঙ্গে অভিনয়ের জন্য তাঁর যুক্ত হওয়ার খবর সম্প্রতি প্রকাশিত হয়েছে। নাম চূড়ান্ত না হওয়া ওই ছবিতে পশমিনা রোশন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও এলভিশ যাদবও রয়েছেন। তবে বালি সফর কিংবা দুর্ঘটনার সঙ্গে ওই ছবির শুটিংয়ের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত করা হয়নি।

২০০৬ সালে ‘জয় সন্তোষী মা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় নুসরাত ভারুচার। পরে ‘লাভ সেক্স অউর ধোঁকা’, ‘পেয়ার কা পঞ্চনামা’, ‘পেয়ার কা পঞ্চনামা ২’ ও ‘সোনু কে টিটু কি সুইটি’সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করে বলিউডে পরিচিতি পান তিনি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন