Tuesday, July 7, 2026

আর্জেন্টিনা ম্যাচের আগে আবারও ফিলিস্তিনের পাশে মিশর কোচ: মানবতার প্রশ্নে নীরব থাকা যায় না


ফাইল ছবিঃ মিশরের প্রধান কোচ হোসাম হাসান (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ফুটবলের গণ্ডি ছাড়িয়ে মানবিক সংকট নিয়ে কথা বলে আবারও আলোচনায় এসেছেন মিশরের প্রধান কোচ হোসাম হাসান। সংবাদ সম্মেলনে তিনি ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে বলেন, মানবিক বিপর্যয়ের মুখে নীরব থাকা কোনো বিবেকবান মানুষের কাজ হতে পারে না।

সোমবার (৬ জুলাই) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দলের প্রস্তুতি নিয়ে কথা বলার একপর্যায়ে গাজার চলমান পরিস্থিতি তুলে ধরেন হাসান। প্রায় চার মিনিট ধরে তিনি ফিলিস্তিনিদের দুর্ভোগ, প্রাণহানি এবং মানবিক সংকট নিয়ে বক্তব্য দেন। তার বক্তব্য শেষ হলে উপস্থিত সাংবাদিকদের অনেকেই করতালির মাধ্যমে প্রতিক্রিয়া জানান।

হাসান বলেন, পৃথিবীর যেকোনো প্রান্তে মানুষের জীবন ও মর্যাদা সমানভাবে মূল্যবান। তার ভাষায়, কেউ যদি ফিলিস্তিনিদের কষ্ট অনুভব না করেন, তাহলে সেটি মানবিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। তিনি আরও বলেন, বিশ্বের অন্য কোথাও প্রাণীর প্রতি নির্যাতন হলেও প্রতিবাদ দেখা যায়, অথচ হাজারো মানুষের মৃত্যু অনেক সময় স্বাভাবিক ঘটনায় পরিণত হচ্ছে—যা গভীরভাবে উদ্বেগজনক।

মিশর কোচের মতে, তিনি শুধু একজন আরব নন, সবার আগে একজন মানুষ। ফুটবল বিশ্বজুড়ে পারস্পরিক শ্রদ্ধা ও ঐক্যের বার্তা বহন করে। তাই মানুষের বেঁচে থাকার অধিকার এবং মানবিক মর্যাদাকেও একই গুরুত্ব দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় নিশ্চিত করার পর মাঠে ফিলিস্তিনের পতাকা হাতে দেখা গিয়েছিল হোসাম হাসানকে। সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেটি ছিল রাজনৈতিক নয়, বরং সম্পূর্ণ মানবিক অনুভূতির বহিঃপ্রকাশ।

তবে আবেগঘন বক্তব্যের পাশাপাশি মাঠের লড়াই নিয়েও আত্মবিশ্বাসী মিশর কোচ। মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় শেষ ষোলোয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে তার দল। এই ম্যাচে জিততে পারলে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে মিশর।

শক্তিশালী প্রতিপক্ষকে নিয়ে হোসাম হাসান বলেন, তারা জানেন সামনে বিশ্বচ্যাম্পিয়ন দল এবং লিওনেল মেসির মতো কিংবদন্তি ফুটবলার রয়েছেন। তবুও ভয় নয়, আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে মিশর।

তিনি বলেন, তাদের স্বপ্নের কোনো সীমা নেই। নিজেদের কখনোই দুর্বল দল হিসেবে দেখেন না। হাজার বছরের ইতিহাস ও সমৃদ্ধ সভ্যতার প্রতিনিধিত্ব করে তারা মাঠে নামবেন এবং মিশর, আরব বিশ্ব ও আফ্রিকার মানুষের জন্য সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবেন।

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে হোসাম হাসানের বক্তব্য কেবল ফুটবল নয়, মানবিক ইস্যুতেও আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। এখন মাঠের লড়াইয়ে সেই আত্মবিশ্বাসের প্রতিফলন ঘটাতে পারে কি না, সেদিকেই নজর থাকবে ফুটবল বিশ্বের।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন