Sunday, July 12, 2026

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের মৃত্যু


ছবিঃ মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম ছিলেন ইসরায়েলের একজন কট্টর মিত্র (সংগৃহীত । আল জাজিরা /এলিজাবেথ ফ্র্যান্টজ/রয়টার্স)

আন্তর্জাতিক ডেস্ক। PNN 

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রিপাবলিকান সিনেটর ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র লিন্ডসে গ্রাহাম মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

শনিবার সন্ধ্যায় আকস্মিক অসুস্থতার পর তার মৃত্যু হয় বলে রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছেন সিনেটরের কার্যালয়ের যোগাযোগ পরিচালক।

বিবৃতিতে বলা হয়, “সিনেটর গ্রাহামের পরিবার এই কঠিন সময়ে সবার কাছে দোয়া কামনা করছে এবং ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান জানানোর অনুরোধ জানিয়েছে।”

লিন্ডসে গ্রাহাম ২০০২ সালে প্রথমবার যুক্তরাষ্ট্রের সিনেটে নির্বাচিত হন। এরপর ২০০৮, ২০১৪ ও ২০২০ সালে পুনরায় নির্বাচিত হয়ে দীর্ঘদিন সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ১৯৯৪ সালে দক্ষিণ ক্যারোলিনার তৃতীয় কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হন তিনি।

রাজনৈতিক জীবনে গ্রাহাম সিনেটের বাজেট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সিনেটের অ্যাপ্রোপ্রিয়েশন কমিটি, জুডিশিয়ারি কমিটি এবং পরিবেশ ও গণপূর্ত বিষয়ক কমিটির সদস্য ছিলেন।

গ্রাহাম যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিতে কঠোর অবস্থানের জন্য পরিচিত ছিলেন। ২০০৩ সালে ইরাক অভিযানের জোরালো সমর্থক ছিলেন তিনি। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার পক্ষেও দীর্ঘদিন ধরে অবস্থান নিয়েছিলেন।

নিজের রাজনৈতিক অবস্থানের কারণে তিনি ইসরায়েলের ঘনিষ্ঠ সমর্থক হিসেবেও পরিচিত ছিলেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে তার মৃত্যুতে শোক প্রকাশ করে জানায়, কঠিন সময়ে গ্রাহাম ইসরায়েলের পাশে ছিলেন।

২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন পাওয়ার দৌড়ে অংশ নিয়েছিলেন লিন্ডসে গ্রাহাম। তবে প্রাথমিক নির্বাচনের আগেই তিনি প্রচারণা থেকে সরে দাঁড়ান। ওই সময় তিনি ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচক ছিলেন। পরে অবশ্য কংগ্রেসে ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ মিত্রে পরিণত হন।

রাজনীতিতে আসার আগে গ্রাহাম যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীতে আইনজীবী হিসেবে ছয় বছরের বেশি সময় দায়িত্ব পালন করেন। ১৯৯৫ সালে তিনি বিমানবাহিনীর রিজার্ভ বাহিনীতে যোগ দেন এবং প্রায় দুই দশক দায়িত্ব পালনের পর কর্নেল পদমর্যাদায় অবসর নেন।

লিন্ডসে গ্রাহামের মৃত্যুতে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে সিনেটে সক্রিয় থাকা এই রাজনীতিক দেশটির পররাষ্ট্রনীতি ও নিরাপত্তা ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন