Thursday, October 15, 2026

যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনার অভিযোগ, শ্বেতাঙ্গ আধিপত্যবাদী তরুণ গ্রেপ্তার


ছবিঃ ২০২৬ সালের ২৫ এপ্রিলের এই ফাইল ছবিতে দেখা যাচ্ছে, শিকাগো পুলিশ বিভাগের কর্মকর্তারা একটি হাসপাতালের বাইরে দাঁড়িয়ে আছেন। তাঁরা সেখানে তাঁদের দুই সহকর্মীর শারীরিক অবস্থার খবরের অপেক্ষায় রয়েছেন; যুক্তরাষ্ট্রের শিকাগোর সুইডিশ হাসপাতালে বন্দি স্থানান্তরের সময় ওই দুই কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছিলেন। (সংগৃহীত । আল জাজিরা /জাসেক বোকজারস্কি/আনাতোলু ভায়া গেটি ইমেজেস)

আন্তর্জাতিক ডেস্ক | PNN

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে হিন্দু উপাসনালয়ে হামলার সম্ভাব্য পরিকল্পনার অভিযোগে ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, ওই তরুণের কাছে শ্বেতাঙ্গ আধিপত্যবাদী ও চরমপন্থী মতাদর্শে প্রভাবিত একটি নথি পাওয়া গেছে, যেখানে নির্বিচারে গুলি চালিয়ে হত্যাযজ্ঞের পরিকল্পনার ইঙ্গিত ছিল।

গ্রেপ্তার তরুণের নাম আলেক্সান্দ্রোস পাপোরাকিস। তিনি শিকাগোর উপশহর পালাটাইনের বাসিন্দা। পালাটাইন পুলিশ জানিয়েছে, তাঁর কাছ থেকে উদ্বেগজনক ইলেকট্রনিক বার্তা পাওয়ার অভিযোগ জানিয়ে এক ব্যক্তি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে গত রোববার তাঁকে গ্রেপ্তার করা হয়। বুধবার পুলিশ এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, পাপোরাকিসের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি রাইফেল, একাধিক গুলিভর্তি ম্যাগাজিন এবং বিপুল পরিমাণ অতিরিক্ত রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া সেখানে বডি আর্মারযুক্ত একটি কৌশলগত পোশাকও পাওয়া যায়। পোশাকটিতে শ্বেতাঙ্গ আধিপত্যবাদী চরমপন্থার সঙ্গে সংশ্লিষ্ট প্রতীকসংবলিত একটি প্যাচ ছিল বলে জানিয়েছে পুলিশ।

কুক কাউন্টির স্টেটস অ্যাটর্নির কার্যালয়ের কৌঁসুলিদের বরাতে জানা গেছে, পাপোরাকিসের এক সহকর্মী তদন্তকারীদের জানিয়েছেন, কর্মস্থলে তিনি প্রকাশ্যে নিজেকে শ্বেতাঙ্গ আধিপত্যবাদী হিসেবে পরিচয় দিতেন। একই সঙ্গে ভারতীয়দের হত্যা করার জন্য তিনি আর অপেক্ষা করতে পারছেন না বলেও মন্তব্য করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

তদন্তকারীরা পাপোরাকিসের কাছ থেকে ‘হোয়াই আই ফট: এ কে এ: (অরোরা শুটারের ম্যানিফেস্টো)’ শিরোনামের একটি নথি উদ্ধার করেছেন। পুলিশের দাবি, নথিটিতে শ্বেতাঙ্গ আধিপত্যবাদী ও চরমপন্থী মতাদর্শের প্রতিফলন রয়েছে। পাশাপাশি দক্ষিণ এশীয়দের, বিশেষ করে ভারতীয়দের বিরুদ্ধে সহিংসতার প্রসঙ্গও উল্লেখ করা হয়েছে।

কর্তৃপক্ষের ধারণা, গত রোববারই হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন অভিযুক্ত তরুণ। সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে অরোরা শহরের একটি হিন্দু মন্দিরের কথা উঠে এসেছে। পালাটাইন থেকে অরোরার দূরত্ব প্রায় ৪০ মাইল বা ৬৫ কিলোমিটার।

তবে পুলিশ জানিয়েছে, হামলার জন্য নির্দিষ্ট কোন স্থান বেছে নেওয়া হয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই সহায়তা করছে।

পুলিশের তথ্য অনুযায়ী, পাপোরাকিসের বিরুদ্ধে সন্ত্রাসী হুমকি দেওয়া এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগে গুরুতর অপরাধের মামলা করা হয়েছে। বুধবার তাঁকে আটক রাখার বিষয়ে আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। আগামী অক্টোবরের শেষ দিকে তাঁর পরবর্তী আদালত-হাজিরার দিন নির্ধারিত রয়েছে। তাঁর পক্ষে আইনজীবী নিয়োগ করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, যুক্তরাষ্ট্রে দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষ ও ঘৃণামূলক বক্তব্য বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মানবাধিকারকর্মীরা। তাঁদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে অভিবাসনবিরোধী নীতি জোরদার হওয়া এবং শ্বেতাঙ্গ আধিপত্যবাদী মতাদর্শের বিস্তারের সঙ্গে এ ধরনের বিদ্বেষের সম্পর্ক রয়েছে।

তবে পাপোরাকিসের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে তদন্ত চলছে। হামলার পরিকল্পনা ও সম্ভাব্য লক্ষ্যবস্তু সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে আরও তথ্য যাচাই করছে কর্তৃপক্ষ।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন