Tuesday, June 30, 2026

যুক্তরাষ্ট্রে আর্থিক জালিয়াতির দায়ে চীনা ধনকুবের গুও ওয়েংগুইয়ের ৩০ বছরের কারাদণ্ড


ছবিঃ ২০১৮ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সংবাদ সম্মেলন করছেন গুও ওয়েনগুই (সংগৃহীত । আল জাজিরা / কার্লো আলেগ্রি/রয়টার্স)

আন্তর্জাতিক ডেস্ক। PNN 

বহুল আলোচিত আর্থিক জালিয়াতির মামলায় স্বেচ্ছা নির্বাসনে থাকা চীনা ব্যবসায়ী ও সরকারবিরোধী কর্মী গুও ওয়েংগুইকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। একই সঙ্গে ভুক্তভোগীদের ক্ষতিপূরণ হিসেবে প্রায় ৮৮৯ মিলিয়ন ডলার বাজেয়াপ্তের নির্দেশও দেওয়া হয়েছে।

সোমবার নিউইয়র্কের ম্যানহাটনের ফেডারেল আদালতে বিচারক আনালিসা তোরেস এ রায় ঘোষণা করেন। আদালত বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যাশায় গুওর প্রতি আস্থা রাখা হাজারো মানুষের বিশ্বাসকে তিনি ব্যক্তিগত বিলাসী জীবনযাপনের হাতিয়ারে পরিণত করেছিলেন।

আদালতের নথি অনুযায়ী, ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে বিভিন্ন বিনিয়োগ প্রকল্প ও আর্থিক উদ্যোগের নামে বিশ্বের বিভিন্ন দেশের এক হাজারের বেশি মানুষের কাছ থেকে বিপুল অর্থ সংগ্রহ করেন গুও। পরে সেই অর্থের বড় একটি অংশ ব্যক্তিগত সম্পদ, বিলাসবহুল বাড়ি, দামি গাড়ি এবং অন্যান্য ব্যক্তিগত খরচে ব্যবহার করা হয় বলে তদন্তে উঠে আসে।

এর আগে ২০২৪ সালে জুরি বোর্ড তাকে প্রতারণা, সিকিউরিটিজ জালিয়াতি, অর্থপাচার এবং ইলেকট্রনিক মাধ্যমে আর্থিক প্রতারণাসহ একাধিক অভিযোগে দোষী সাব্যস্ত করে। ২০২৩ সালে নিউইয়র্কে সেন্ট্রাল পার্কসংলগ্ন তার বিলাসবহুল অ্যাপার্টমেন্ট থেকে তাকে গ্রেপ্তার করেছিল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)।

রায় ঘোষণার সময় বিচারক বলেন, গুও নিজের কর্মকাণ্ডের কোনো দায় স্বীকার করেননি। বরং তিনি দাবি করে আসছেন যে, তার কর্মকাণ্ডে কেউ ক্ষতিগ্রস্ত হয়নি। আদালতের মতে, এই অবস্থান তার অপরাধের গুরুত্বকে আরও স্পষ্ট করেছে।

শুনানির সময় আদালতে উপস্থিত কয়েকজন ভুক্তভোগীর বক্তব্যও তুলে ধরা হয়। তারা জানান, গুওর বিনিয়োগ পরিকল্পনায় অর্থ হারিয়ে অনেকেই আজীবনের সঞ্চয় হারিয়েছেন, পারিবারিক সংকটে পড়েছেন এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।

অন্যদিকে নিজের বক্তব্যে গুও ওয়েংগুই বলেন, তিনি চীনের কমিউনিস্ট পার্টির বিরোধিতা করতেই যুক্তরাষ্ট্রে এসেছিলেন। তার আইনজীবীরা আদালতে দাবি করেন, চীনা সরকারের দীর্ঘদিনের রাজনৈতিক চাপ ও হয়রানির শিকার হওয়ায় তার বিরুদ্ধে মামলাটিও ভিন্নভাবে বিবেচনা করা উচিত।

তবে রাষ্ট্রপক্ষ আদালতকে জানায়, রাজনৈতিক পরিচয় বা সরকারবিরোধী অবস্থান কোনোভাবেই আর্থিক জালিয়াতির দায় থেকে একজন ব্যক্তিকে অব্যাহতি দিতে পারে না। তাদের মতে, গুওর কর্মকাণ্ড শত শত পরিবারকে আর্থিক, মানসিক ও সামাজিকভাবে বিপর্যস্ত করেছে।

একসময় চীনের অন্যতম ধনী রিয়েল এস্টেট ব্যবসায়ী হিসেবে পরিচিত গুও ওয়েংগুই ২০১৫ সালে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেন। সেখানে তিনি নিজেকে চীনা কমিউনিস্ট পার্টির কড়া সমালোচক হিসেবে প্রতিষ্ঠিত করেন এবং যুক্তরাষ্ট্রের ডানপন্থী রাজনৈতিক ব্যক্তিত্ব স্টিভ ব্যাননের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন। পরে তারা যৌথভাবে চীনা কমিউনিস্ট পার্টির বিরোধিতায় একটি রাজনৈতিক সংগঠনও গড়ে তোলেন।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বলছে, এই রায় বড় আকারের আন্তর্জাতিক আর্থিক প্রতারণার বিরুদ্ধে কঠোর বার্তা বহন করবে এবং বিনিয়োগকারীদের সুরক্ষায় আইন প্রয়োগকারী সংস্থার অবস্থানকে আরও শক্তিশালী করবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন