- ১৭ জুলাই, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
স্বয়ংচালিত যানবাহনকে ভবিষ্যতের পরিবহন ব্যবস্থা হিসেবে উৎসাহ দিয়ে আসা যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহর এবার নতুন বাস্তবতার মুখোমুখি হয়েছে। স্বাধীনতা দিবসের (৪ জুলাই) উদ্যাপনের সময় ওয়েমোর (Waymo) শতাধিক রোবোট্যাক্সি যানজটে আটকে পড়ে অচল হয়ে যাওয়ার ঘটনায় শহরজুড়ে ব্যাপক ভোগান্তি সৃষ্টি হয়। এরপরই স্বয়ংচালিত যানবাহনের পরিচালনায় আরও কঠোর নিয়মকানুন প্রণয়নের দাবি জানিয়েছেন সান ফ্রান্সিসকোর মেয়র ড্যানিয়েল লুরি।
রাজ্যের পরিবহন কর্তৃপক্ষের কাছে পাঠানো এক চিঠিতে মেয়র লুরি বলেন, সাম্প্রতিক দুটি বড় ঘটনার অভিজ্ঞতা দেখিয়েছে যে ক্যালিফোর্নিয়ার বর্তমান নিয়ন্ত্রক কাঠামো জরুরি বা অস্বাভাবিক পরিস্থিতিতে স্বয়ংচালিত যানবাহন পরিচালনার জন্য যথেষ্ট প্রস্তুত নয়।
তিনি উল্লেখ করেন, গত ডিসেম্বরে বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট এবং চলতি বছরের ৪ জুলাই গোল্ডেন গেট ব্রিজ এলাকায় আতশবাজির আয়োজনকে কেন্দ্র করে প্রায় এক লাখ মানুষের সমাগমের সময় ওয়েমোর বহু রোবোট্যাক্সি রাস্তায় আটকে পড়ে। অনেক গাড়ির ব্যাটারির চার্জ শেষ হয়ে যাওয়ায় সেগুলো সরানো সম্ভব হয়নি। ফলে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয় এবং হাজারো মানুষ দীর্ঘ সময় আটকে থাকেন। এমনকি পৌরসভার শাটল বাস চলাচলও ব্যাহত হয়।
মেয়রের ভাষ্য, এখন প্রশ্ন শুধু স্বাভাবিক সময়ে স্বয়ংচালিত গাড়ি নিরাপদে চলতে পারে কি না, সেটি নয়; বরং বড় জনসমাগম, দুর্যোগ বা জরুরি পরিস্থিতিতেও এসব যানবাহন নির্ভরযোগ্যভাবে কাজ করতে পারে কি না, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
এ পরিস্থিতি মোকাবিলায় তিনি চারটি বাধ্যতামূলক সক্ষমতা নিশ্চিত করার প্রস্তাব দিয়েছেন। তার মতে, কোনো রোবোট্যাক্সি চলাচলে সমস্যা সৃষ্টি করলে কোম্পানিকে দ্রুত সেটি সক্রিয় সড়ক থেকে সরিয়ে নিতে হবে। একই সঙ্গে তাৎক্ষণিকভাবে রুট, সেবা এলাকা এবং যাত্রী ওঠানামার স্থান পরিবর্তনের সক্ষমতাও থাকতে হবে।
এ ছাড়া স্বয়ংচালিত গাড়ি পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে স্থানীয় প্রশাসনের সঙ্গে তাৎক্ষণিক তথ্য ভাগাভাগি করার ব্যবস্থাও রাখতে হবে। এর মধ্যে থাকবে সেবা বিঘ্নিত হওয়ার তথ্য, কোথায় কোনো রোবোট্যাক্সি অচল হয়ে আছে এবং সেগুলো সরানোর অগ্রগতি। পাশাপাশি বড় জনসমাগম বা অস্বাভাবিক ট্রাফিক পরিস্থিতি সামাল দেওয়ার সক্ষমতা পরীক্ষার মাধ্যমে প্রমাণ করারও প্রস্তাব দিয়েছেন মেয়র।
বর্তমানে ক্যালিফোর্নিয়ায় রোবোট্যাক্সি পরিচালনার জন্য কোম্পানিগুলোকে মোটর ভেহিকেলস বিভাগ (DMV) এবং পাবলিক ইউটিলিটিজ কমিশনের (CPUC) অনুমোদন নিতে হয়। যদিও এই রাজ্যের নীতিমালা যুক্তরাষ্ট্রের অনেক অঙ্গরাজ্যের তুলনায় কঠোর, তবুও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর আগ্রহ কমেনি।
সান ফ্রান্সিসকো ও সিলিকন ভ্যালি অঞ্চল দীর্ঘদিন ধরেই স্বয়ংচালিত গাড়ির পরীক্ষামূলক কার্যক্রমের অন্যতম কেন্দ্র। বর্তমানে ওয়েমো, নুরো এবং জুক্সসহ কয়েকটি প্রতিষ্ঠান চালকবিহীন যানবাহন পরীক্ষার অনুমতি নিয়ে কার্যক্রম পরিচালনা করছে।
এর মধ্যে ওয়েমো সবচেয়ে বড় অপারেটর। প্রতিষ্ঠানটির প্রায় এক হাজার রোবোট্যাক্সি বর্তমানে বে এরিয়াজুড়ে চলাচল করছে। কোম্পানির দাবি, তারা প্রতি সপ্তাহে পাঁচ লাখের বেশি অর্থের বিনিময়ে যাত্রীসেবা সম্পন্ন করছে এবং বর্তমানে ১১টি শহরে তাদের কার্যক্রম বিস্তৃত।
তবে মেয়র লুরি মনে করেন, প্রযুক্তির এই দ্রুত বিস্তারের সঙ্গে তাল মিলিয়ে নিয়ন্ত্রক ব্যবস্থাও আরও কার্যকর হওয়া প্রয়োজন। তার ভাষায়, নতুন নিয়ম স্বয়ংচালিত গাড়ির অগ্রযাত্রা থামাবে না; বরং ভবিষ্যতে এ প্রযুক্তিকে আরও নিরাপদ, নির্ভরযোগ্য এবং জনবান্ধব করে তুলবে