- ২৯ জুলাই, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
ভয়াবহ এক দুর্ঘটনার শিকার হয়ে রাজধানীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন চিত্রনায়িকা মেঘলা মুক্তা। তাঁর শারীরিক অবস্থার কারণে জরুরি অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে অভিনেত্রীর ব্যক্তিগত ফেসবুক আইডির অ্যাডমিন প্যানেল।
বুধবার (২৯ জুলাই) মেঘলা মুক্তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
পোস্টে অ্যাডমিন প্যানেলের পক্ষ থেকে বলা হয়, মেঘলা মুক্তা একটি গুরুতর দুর্ঘটনার শিকার হয়েছেন। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন এবং তাঁর অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ কঠিন সময়ে অভিনেত্রীর সুস্থতার জন্য সবার কাছে দোয়া ও প্রার্থনা চাওয়া হয়েছে।
একই সঙ্গে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের যাচাই না করে কোনো তথ্য প্রচার না করার অনুরোধ জানানো হয়। অভিনেত্রীর শারীরিক অবস্থা নিয়ে গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলা হয়, নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
এর আগে গত ২৭ জুলাই নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছিলেন মেঘলা মুক্তা। সেখানে ক্ষতিগ্রস্ত মুঠোফোনের কয়েকটি ছবি প্রকাশ করে তিনি জানান, ফোনটি মারাত্মকভাবে নষ্ট হওয়ায় কিছুদিন সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকবেন।
সেই সময় তিনি আরও বলেন, এ কারণে তাকে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে পাওয়া যাবে না। জরুরি প্রয়োজনে পরিচিতদের সরাসরি ফোনে যোগাযোগ করার অনুরোধও জানিয়েছিলেন অভিনেত্রী।
ওই পোস্টের দুই দিনের মাথায় তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাডমিন প্যানেল থেকে দুর্ঘটনার খবর প্রকাশ করা হলো। তবে কী ধরনের দুর্ঘটনায় তিনি আহত হয়েছেন কিংবা তাঁর বর্তমান শারীরিক অবস্থা কতটা গুরুতর—সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
মেঘলা মুক্তা তেলেগু চলচ্চিত্র ‘সাকালা কালা ভাল্লাভুডু’-তে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান। অভিনয়ে আসার আগে তিনি র্যাম্প মডেলিংয়ের পাশাপাশি বিভিন্ন বিলবোর্ড ও গানের ভিডিওতে কাজ করেছেন।
বড় পর্দায় অভিনয়ের স্বপ্ন নিয়ে চলচ্চিত্রে নাম লেখানো মেঘলা মুক্তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘পায়ের ছাপ’, ‘কাঠগোলাপ’ ও ‘আগুনের পাখি’।
বর্তমানে তাঁর অস্ত্রোপচার ও শারীরিক অবস্থার বিষয়ে পরবর্তী আনুষ্ঠানিক আপডেটের অপেক্ষায় রয়েছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।