- ১০ মার্চ, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
জাতীয় সংসদ নির্বাচনে মানুষের ভোটাধিকার লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, দেশের মানুষের প্রত্যাশিত বিজয় এবারও অর্জিত হয়নি।
সোমবার (১০ মার্চ) বিকেলে রাজধানীর সিদ্ধেশ্বরীর একটি হোটেলে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, নির্বাচনের আগে তারা কোনো নির্দিষ্ট দলের বিজয় চাননি, বরং দেশের ১৮ কোটি মানুষের বিজয় কামনা করেছিলেন। কিন্তু সেই প্রত্যাশা বাস্তবায়িত হয়নি বলে তিনি মন্তব্য করেন। তাঁর দাবি, নির্বাচনের নানা বিষয় এখন ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে এবং এর বিচার শেষ পর্যন্ত জনগণই করবে।
তিনি আরও বলেন, সংসদে কত আসন নিয়ে বিরোধী দল হওয়া গেছে, সেটি জামায়াতের কাছে বড় বিষয় নয়। বরং জনগণের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করাই তাদের প্রধান লক্ষ্য। তিনি বলেন, জনগণের অধিকার ও স্বার্থ রক্ষায় দলটি আপসহীন থাকবে এবং কোনো প্রলোভন তাদের অবস্থান থেকে সরাতে পারবে না।
২০২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে জামায়াতের আমির বলেন, দীর্ঘ সময়ের রাজনৈতিক সংকটের পর তরুণদের নেতৃত্বে যে পরিবর্তন এসেছে, তা দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি বলেন, যুবসমাজ ন্যায়বিচার ও স্বচ্ছ রাজনীতি চায় এবং জামায়াতও সেই লক্ষ্যেই কাজ করতে চায়।
শফিকুর রহমান আরও বলেন, রাজনীতিতে প্রতিহিংসা ও দুর্নীতি দূর করা না গেলে ভবিষ্যতে দেশের জন্য আরও বড় সংকট তৈরি হতে পারে। তিনি জানান, ফ্যাসিবাদ, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের রাজনৈতিক সংগ্রাম অব্যাহত থাকবে।
তিনি বলেন, সংসদের ভেতরে জনগণের অধিকার প্রতিষ্ঠায় তারা সোচ্চার থাকবেন। সরকার জনগণের স্বার্থে কোনো উদ্যোগ নিলে জামায়াত তা সমর্থন করবে, তবে জনগণের অধিকার ক্ষুণ্ন হলে দলটি তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলবে।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জাগপার মুখপাত্র রাশেদ প্রধান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।