- ১১ আগস্ট, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণসহ কয়েকটি বিষয়ে স্পষ্ট সমাধান প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
সোমবার (১০ আগস্ট) দিবাগত রাত ১টা ৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলা ও ইংরেজিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলামের অভিযোগ, ভারত তার ভূখণ্ড ব্যবহার করে শেখ হাসিনাকে বাংলাদেশবিরোধী রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিচ্ছে। তিনি দাবি করেন, এমন পরিস্থিতি বাংলাদেশের সার্বভৌমত্ব, বিচারব্যবস্থা ও জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি অবমাননার শামিল।
ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নের সমাধান না করে ভারতের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার কোনো উদ্যোগ জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। তার দাবি, বাংলাদেশের আপত্তি উপেক্ষা করে দিল্লিতে শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের ঘটনায় ভারতের নীতিতে মৌলিক পরিবর্তন না আসার বিষয়টি স্পষ্ট হয়েছে।
ভারতের সঙ্গে সাম্প্রতিক কূটনৈতিক যোগাযোগের প্রসঙ্গ টেনে এনসিপির আহ্বায়ক বলেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিলেও তার পর কার্যকর কূটনৈতিক পদক্ষেপ কতটা নেওয়া হয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ভারতের কাছ থেকে এ ঘটনার বিষয়ে স্পষ্ট জবাবদিহিতা এখনো নিশ্চিত করা যায়নি।
এ ছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের সাম্প্রতিক সাক্ষাতের প্রসঙ্গও তুলে ধরেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ওই বৈঠকের পর ৫ আগস্টের ঘটনার বিষয়ে ভারতের কোনো ব্যাখ্যা বা দুঃখ প্রকাশের কথা প্রকাশ্যে না আসায় তিনি হতাশ।
ভারতীয় হাইকমিশনারের ‘শেয়ার্ড ড্রিম’ বা অভিন্ন স্বপ্নের বক্তব্যেরও সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, বাংলাদেশের জনগণ এমন কোনো সম্পর্কের অংশীদার হতে চায় না, যেখানে অন্য কোনো দেশ বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ বা প্রভাবিত করার অধিকার দাবি করবে।
বাংলাদেশ একটি গণতান্ত্রিক, সাম্প্রদায়িক সম্প্রীতিপূর্ণ ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দক্ষিণ এশিয়া দেখতে চায় উল্লেখ করে তিনি বলেন, দুই দেশের সম্পর্ক অবশ্যই পারস্পরিক সম্মান, সার্বভৌম সমতা ও জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে হওয়া উচিত।
নাহিদ ইসলাম আরও বলেন, বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া আনুষ্ঠানিক প্রতিবাদকে এখন কার্যকর কূটনৈতিক উদ্যোগে রূপ দিতে হবে। তিনি ৫ আগস্টের ঘটনার বিষয়ে ভারতের কাছ থেকে স্পষ্ট ব্যাখ্যা ও দুঃখ প্রকাশ, শেখ হাসিনা ও ওসমান হাদীর হত্যাকাণ্ডে অভিযুক্তদের প্রত্যর্পণ এবং ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশবিরোধী রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা দাবি করেন।
তার মতে, ভারতের মাটিতে আওয়ামী লীগের পলাতক নেতাদের রাজনৈতিক তৎপরতা অব্যাহত থাকার সুযোগ থাকলে একই সময়ে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ প্রশ্নের মুখে পড়বে।
বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার পাশাপাশি বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আগে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড বন্ধ, পলাতক আওয়ামী লীগ নেতাদের আশ্রয় ও কার্যক্রম বিষয়ে ভারতের অবস্থান এবং সাম্প্রতিক ঘটনাগুলোর জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।