Thursday, October 8, 2026

ভারতের সঙ্গে পানি সহযোগিতা বাড়াতে কমিটি, প্রতিনিধির নাম চেয়েছে বাংলাদেশ


ফাইল ছবিঃ বক্তব্য রাখছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

ভারতের সঙ্গে পানি সহযোগিতা আরও জোরদার করতে একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ। একই সঙ্গে আলোচনায় অংশ নিতে ভারতীয় প্রতিনিধিদের নাম চাওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) আয়োজিত ‘পানির ভবিষ্যৎ নিয়ে নতুন ভাবনা: তরুণ নেতৃত্ব, ন্যায়বিচার ও সহযোগিতা’ শীর্ষক সেমিনারে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারত থেকে পানির ন্যায্য হিস্যা পাওয়াকে বাংলাদেশ গুরুত্ব দিচ্ছে। পানি বণ্টনের ক্ষেত্রে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আইনের ভিত্তি রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এ বিষয়ে দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও কার্যকর সংলাপ প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

হুমায়ুন কবির জানান, পানি নিয়ে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছে। আলোচনার জন্য ভারতীয় পক্ষের প্রতিনিধিদের নামও চাওয়া হয়েছে।

গঙ্গার পানি বণ্টন চুক্তির প্রসঙ্গে তিনি বলেন, ভারতের কাছে প্রতিনিধিদের নাম চাওয়া হয়েছে, যাতে উভয় দেশের প্রতিনিধিরা সরাসরি সংলাপ ও আলোচনায় বসতে পারেন। এখন ভারতীয় পক্ষের জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।

ভারতের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার বিষয়ে আশাবাদ প্রকাশ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শিগগিরই এ বিষয়ে জবাব পাওয়া যেতে পারে। এরপর দুই দেশের মধ্যে আলোচনা এগিয়ে নিয়ে পানি চুক্তি নবায়নের পথ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, দুই দেশের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে সহযোগিতার মনোভাব থাকলে পানি নিয়ে আলোচনার মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সমাধানে পৌঁছানো সম্ভব। পানি ব্যবস্থাপনা ও বণ্টনসংক্রান্ত বিষয়গুলো কূটনীতি, পারস্পরিক বোঝাপড়া এবং নিয়মিত সংলাপের মাধ্যমেই সমাধান করা প্রয়োজন।

বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদীর পানি বণ্টন দীর্ঘদিনের আলোচিত বিষয়। নতুন করে কমিটি গঠন এবং ভারতীয় প্রতিনিধিদের সঙ্গে আলোচনার উদ্যোগের মধ্য দিয়ে এ বিষয়ে দ্বিপক্ষীয় যোগাযোগ আরও সক্রিয় করার চেষ্টা করা হচ্ছে বলে সংশ্লিষ্টদের বক্তব্যে উঠে এসেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন