Thursday, October 8, 2026

কেএনএফের ইউনিফর্ম তৈরিতে অর্থ লেনদেন, নাথান বমসহ ৯ জনের বিরুদ্ধে সিআইডির মামলা


প্রতীকী ছবিঃ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। চট্টগ্রাম

পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প্রধান নাথান বমসহ নয়জনের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। কেএনএফের ইউনিফর্ম তৈরির সঙ্গে সংশ্লিষ্ট আর্থিক লেনদেনের অনুসন্ধানে অর্থের একটি সুস্পষ্ট প্রবাহ পাওয়ার পর এ মামলা করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার (৭ অক্টোবর) চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানায় মামলাটি করে সিআইডি। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সিআইডির সদর দপ্তরের গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।

মামলার এজাহারে নাথানা লনচেও ওরফে নাথান বম (৪৯), মংহলাসিন মারমা ওরফে মং (৩৮), নিয়াজ হায়দার (৩৯), মো. গোলাম আজম (৪৭), সাহেদুল ইসলাম (২৭), মোহাম্মদ কামরুজ্জামান (৫৮), জামালুল ইসলাম (৪৫), মো. মতিউর রহমান (৪৩) ও মো. তৌহিদুল ইসলামকে (৩৮) আসামি করা হয়েছে।

সিআইডি জানায়, ২০২৫ সালের ১৮ মে বায়েজিদ বোস্তামী থানা এলাকায় একটি পোশাক কারখানা ও একটি গুদামে অভিযান চালায় পুলিশ। সেখানে অভিযান চালিয়ে কেএনএফের আদলের ২০ হাজার ৩০০ সেট ইউনিফর্ম উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছিল।

পরে ইউনিফর্ম তৈরির সঙ্গে যুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর আর্থিক কর্মকাণ্ড নিয়ে অনুসন্ধানে নামে সিআইডি। সম্প্রতি সেই অনুসন্ধান শেষ হওয়ার পর সংস্থাটি কেএনএফের পোশাক তৈরির পুরো প্রক্রিয়ায় অর্থ লেনদেনের একটি ধারাবাহিকতা শনাক্ত করার কথা জানায়।

সিআইডির অনুসন্ধান অনুযায়ী, কেএনএফের জন্য প্রায় ৪০ হাজার সেট ইউনিফর্ম তৈরিতে কাপড় সরবরাহ ও সেলাইয়ের কাজ বাবদ মোট ১ কোটি ৬২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। সংস্থাটির দাবি, আর্থিক লাভের আশায় সংশ্লিষ্ট পোশাক ব্যবসায়ী ও কারখানাগুলো এসব ইউনিফর্ম তৈরির সঙ্গে যুক্ত হয়।

এর আগে ২০২৫ সালের মে মাসে চট্টগ্রামে কেএনএফের আরও ইউনিফর্ম উদ্ধারের ঘটনাও সামনে এসেছিল। ওই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে বিপুলসংখ্যক ইউনিফর্ম জব্দ করা হয়।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ বলেন, তদন্তে নতুন কোনো তথ্য পাওয়া গেলে কিংবা আরও কোনো ব্যক্তি বা কারখানার মালিকের সম্পৃক্ততার প্রমাণ মিললে তাঁদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মামলার মধ্য দিয়ে কেএনএফের ইউনিফর্ম তৈরির সঙ্গে জড়িত আর্থিক লেনদেনের বিষয়টি এখন আনুষ্ঠানিক তদন্তের আওতায় এসেছে। সংশ্লিষ্টদের আর্থিক কর্মকাণ্ড ও অর্থের উৎস সম্পর্কে তদন্তে আরও তথ্য বেরিয়ে আসতে পারে বলে জানিয়েছে সিআইডি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন