Monday, May 11, 2026

উল্লাপাড়ায় পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, আটক ১


ছবিঃ ঘরের সিঁধ কেটে ঢুকে বৃদ্ধকে কুপিয়ে হত্যা (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা এলাকায় পূর্ব বিরোধের জেরে আব্দুস সোবাহান (৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার গভীর রাতে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় বাধা দিতে গিয়ে নিহতের স্ত্রীও গুরুতর আহত হয়েছেন।

নিহত আব্দুস সোবাহান স্থানীয় দুগ্ধ উৎপাদন সমিতির সাবেক ব্যবস্থাপক ছিলেন। তিনি ওই গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের একটি মসজিদের পুকুর নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। প্রায় তিন বছর আগে একই বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে সোবাহানের ছেলে সেলিম আহম্মেদ নিহত হন। ওই ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

পরিবারের সদস্যদের দাবি, মামলা তুলে নিতে দীর্ঘদিন ধরে তাদের হুমকি দেওয়া হচ্ছিল। নিহতের মেয়ে সাবিনা খাতুন অভিযোগ করেন, সাক্ষ্যগ্রহণ শুরুর আগেই পরিকল্পিতভাবে তার বাবার ওপর হামলা চালানো হয়েছে। তার ভাষ্য, গভীর রাতে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে।

হামলার সময় সোবাহানের স্ত্রী শেফালী খাতুন স্বামীকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও আঘাত করা হয়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

ঘটনার পর এলাকাবাসী রক্তমাখা কাপড়সহ হায়দুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

মোক্তারুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি পূর্ব শত্রুতার জেরে সংঘটিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন