- ১১ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় আবারও গ্যাস বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের চারজন গুরুতর দগ্ধ হয়েছেন। সোমবার ভোরে শিবু মার্কেট সংলগ্ন কুতুবপুর রাখিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন অটোরিকশাচালক আব্দুল কাদের (৫০) এবং তার তিন ছেলে মেহেদী (১৭), সাকিব (১৬) ও রাকিব (১৬)। পরিবারের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায় হলেও তারা দীর্ঘদিন ধরে ফতুল্লায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে হঠাৎ বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। পরে আশপাশের লোকজন ছুটে গিয়ে দেখতে পান, বাসাটির দরজা-জানালা ভেঙে গেছে এবং ভেতরে আগুনে দগ্ধ অবস্থায় পরিবারের সদস্যরা পড়ে আছেন। দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
প্রতিবেশী মো. ফারুক জানান, ঘটনার সময় আব্দুল কাদের ও তার তিন ছেলে ঘুমিয়ে ছিলেন। পরিবারের মা বাইরে পানি আনতে গিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, ঘরের ভেতরে আগে থেকেই গ্যাস জমে ছিল। পরে আগুনের স্ফুলিঙ্গ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আব্দুল কাদেরের শরীরের বড় অংশ পুড়ে গেছে। তার তিন ছেলের মধ্যেও দুজনের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, চারজনের অবস্থাই আশঙ্কাজনক এবং নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের শরীরের বিভিন্ন অংশে মারাত্মক পোড়া ক্ষত রয়েছে। বিস্ফোরণের তীব্রতায় তাদের শ্বাসপ্রশ্বাসেও জটিলতা তৈরি হয়েছে।
ঘটনার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাজীগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন, তিতাস গ্যাস লাইনের লিকেজ থেকে বদ্ধ ঘরে গ্যাস জমে ছিল। পরে দিয়াশলাই বা লাইটার জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে।
এর আগে গত শনিবারও ফতুল্লার আরেকটি বাসায় একই ধরনের গ্যাস বিস্ফোরণে শিশুসহ পাঁচজন দগ্ধ হন। পরপর এমন ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত গ্যাস লাইনের নিরাপত্তা নিশ্চিত এবং নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন।