Saturday, July 4, 2026

তরুণদের আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় পরিবর্তনের পথ তৈরি করেছে: নুরুল হক নুর


ছবিঃ প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর বলেছেন, কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হয়ে পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যে গণআন্দোলনের সৃষ্টি হয়েছিল, তা দেশের রাজনৈতিক বাস্তবতায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ভিত্তি তৈরি করেছে। সেই পরিবর্তনের প্রত্যাশা বাস্তবায়নে এখন রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার বিকেলে পটুয়াখালীর দুমকি উপজেলা অডিটোরিয়ামে গণঅধিকার পরিষদ (জিওপি) দুমকি উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ ন্যায়বিচার, জবাবদিহিতা, সুশাসন এবং বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থার দাবিতে আন্দোলন-সংগ্রাম করে আসছে। তার ভাষ্য অনুযায়ী, তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা বিভিন্ন আন্দোলন দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন বাস্তবতা সৃষ্টি করেছে এবং সেই প্রত্যাশাকে বাস্তবে রূপ দিতে রাজনৈতিক নেতৃত্বকে জনগণের প্রতি আরও দায়বদ্ধ হতে হবে।

তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আনতে ব্যক্তি বা গোষ্ঠীকেন্দ্রিক রাজনীতির পরিবর্তে জনগণের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। দুর্নীতি, দখলদারিত্ব, চাঁদাবাজি এবং দলীয়করণের মতো অনিয়ম থেকে বেরিয়ে এসে জনকল্যাণভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে আধুনিক, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গঠনে তরুণ প্রজন্মকে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিম বলেন, জনগণের আস্থা অর্জন করতে হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং জবাবদিহিতা আরও শক্তিশালী করা প্রয়োজন।

গণঅধিকার পরিষদ দুমকি উপজেলা শাখার সভাপতি মো. মুন্না ফরাজীর সভাপতিত্বে এবং সদস্যসচিব মো. নাসির উদ্দিন জুয়েলের সঞ্চালনায় আয়োজিত সভায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ বাহাউদ্দীন বাহার, প্রেস ক্লাব দুমকির সভাপতি অধ্যক্ষ মো. জসিম উদ্দিন সুমন, বেসরকারি স্কুল-কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো. জামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব শরীফ এবং জলিশা প্রতিবন্ধী বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সোহেল খান বক্তব্য দেন।

মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণঅধিকার পরিষদের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন