- ০৪ জুলাই, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শনিবার বিকেলে একটি জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। রাজধানীর বাংলামোটরে অবস্থিত দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে বিকেল ৫টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দলটির মিডিয়া সেল।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় পর্যায়ের একাধিক শীর্ষ নেতা উপস্থিত থাকবেন। তাদের মধ্যে রয়েছেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ। এছাড়া বিভিন্ন বিভাগের সাংগঠনিক সম্পাদকরাও উপস্থিত থাকবেন।
যদিও সংবাদ সম্মেলন আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে, তবে কী বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হবে, সে সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করেনি দলটির মিডিয়া সেল। ফলে রাজনৈতিক অঙ্গনে এ সংবাদ সম্মেলন ঘিরে নানা ধরনের আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, চলমান জাতীয় রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম কিংবা সমসাময়িক ইস্যু নিয়ে দলটির অবস্থান তুলে ধরা হতে পারে। তবে এ বিষয়ে এনসিপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে যেসব সিদ্ধান্ত বা বক্তব্য তুলে ধরা হবে, সেগুলোর দিকে রাজনৈতিক মহল ও গণমাধ্যমের নজর রয়েছে।