Saturday, July 4, 2026

ফরিদপুরে সংঘর্ষে নিহত সুমনের ঘটনায় মামলা, প্রধান আসামি সজীব মাতুব্বর


ছবিঃ ভাঙ্গায় যুবকে হত্যা (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ফরিদপুর

ফরিদপুরের ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে এক যুবক নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে। মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সজীব মাতুব্বরকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি আরও ৩৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। ঘটনার পর রাজনৈতিক অঙ্গনেও এর প্রভাব পড়েছে। জেলা স্বেচ্ছাসেবক দল ভাঙ্গা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে।

মামলা সূত্রে জানা গেছে, নিহত সুমন শেখের বাবা মিলন শেখ বৃহস্পতিবার রাতে ভাঙ্গা থানায় মামলাটি দায়ের করেন। নিহত সুমন শেখ উপজেলার কাপুড়িয়া সদরদী গ্রামের বাসিন্দা এবং পেশায় ফাস্টফুড ব্যবসায়ী ছিলেন।

পুলিশ জানায়, গত ৩০ জুন রাতে ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘদিনের বিরোধ ও স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হন সুমন শেখ। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও তিনি প্রাণ হারান।

ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের একাধিক দল কাজ করছে। ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, ঘটনার পর রাজনৈতিক দলটির কেন্দ্রীয় ও জেলা পর্যায়েও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেন, হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ায় কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা তদবির গ্রহণ করা হবে না। তদন্তে যার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, তাকে আইনের মুখোমুখি হতে হবে। একই সঙ্গে অভিযুক্ত নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার কথাও জানান তিনি।

এরই মধ্যে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ভাঙ্গা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে। জেলা নেতারা জানিয়েছেন, সাংগঠনিক প্রয়োজনেই এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্তের অগ্রগতির পাশাপাশি পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন