- ১২ মার্চ, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
নিম্নআয়ের মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা পূরণে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য বড় পরিমাণে রাইস ব্রাণ তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় এই তেল বিতরণ করা হবে।
বুধবার (১১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মোট ১ কোটি ৮০ লাখ লিটার রাইস ব্রাণ তেল সংগ্রহ করা হবে, যার জন্য সরকারের ব্যয় হবে প্রায় ৩০৫ কোটি ৫৬ লাখ ৮০ হাজার টাকা। স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতির মাধ্যমে তেল সংগ্রহ করা হচ্ছে, যাতে ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা যায়।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এ বিষয়ে দুটি পৃথক প্রস্তাব বৈঠকে উপস্থাপন করা হয়। প্রথম প্রস্তাব অনুযায়ী ৮০ লাখ লিটার তেল কেনা হবে, যার জন্য ব্যয় ধরা হয়েছে ১৩৫ কোটি ১৫ লাখ টাকা। উন্মুক্ত দরপত্রে অংশ নেওয়া ১১টি প্রতিষ্ঠানের মধ্য থেকে যাচাই-বাছাই শেষে চারটি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়েছে।
এই লটে যশোরের মজুমদার ব্রান অয়েল মিলস লিমিটেড, ঢাকার গ্রীন অয়েল অ্যান্ড পোল্ট্রি ফিড ইন্ডাস্ট্রি এবং তামীম অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ থেকে প্রতি লিটার ১৬৯ টাকা ৭৫ পয়সা দরে তেল সংগ্রহ করা হবে। এছাড়া গাইবান্ধার প্রধান অয়েল মিলস লিমিটেড থেকে প্রতি লিটার ১৬৭ টাকা ৫০ পয়সা দরে আরও ২০ লাখ লিটার তেল কেনা হবে।
অন্যদিকে দ্বিতীয় প্রস্তাবে পাঁচটি লটের মাধ্যমে আরও ১ কোটি লিটার রাইস ব্রাণ তেল সংগ্রহের অনুমোদন দেওয়া হয়েছে। এই ধাপে মোট ব্যয় ধরা হয়েছে ১৭০ কোটি ৪১ লাখ ৮০ হাজার টাকা। এ ক্ষেত্রেও দরপত্রে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে সর্বনিম্ন দরদাতা পাঁচটি প্রতিষ্ঠানকে নির্বাচিত করা হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠান থেকে ২০ লাখ লিটার করে তেল নেওয়া হবে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সরকারের এই উদ্যোগের ফলে টিসিবির ফ্যামিলি কার্ডধারীরা বাজারমূল্যের তুলনায় কম দামে পুষ্টিগুণসমৃদ্ধ রাইস ব্রাণ তেল কিনতে পারবেন। খুব শিগগিরই সংগ্রহ প্রক্রিয়া শেষ করে সারা দেশে টিসিবির ডিলারদের মাধ্যমে এই তেল সরবরাহ শুরু করা হবে।