- ১২ মার্চ, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
দেশে জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখা এবং সরবরাহ স্বাভাবিক রাখতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এ লক্ষ্যে সরকারি ছুটির দিনেও তেল সরবরাহ কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের চাহিদা অনুযায়ী জ্বালানি তেলের সরবরাহ বজায় রাখতে বিদেশ থেকে নির্ধারিত সূচি অনুযায়ী নিয়মিত তেল আমদানি করা হচ্ছে। এসব জ্বালানি তেল পর্যায়ক্রমে দেশে পৌঁছানোর পর তা বিভিন্ন ডিপোতে সরবরাহ করা হচ্ছে।
এ ছাড়া প্রধান স্থাপনাগুলো থেকে দেশের বিভিন্ন অঞ্চলের ডিপোতে রেলওয়ে ওয়াগন ও ট্যাংকারের মাধ্যমে নিয়মিত জ্বালানি তেল পাঠানো হচ্ছে, যাতে সরবরাহ ব্যবস্থায় কোনো ধরনের বিঘ্ন না ঘটে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসির নির্দেশনা অনুযায়ী জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে শুক্রবার ও শনিবারসহ সরকারি ছুটির দিনেও বিপিসির অধীন বিপণন কোম্পানিগুলোর প্রধান স্থাপনা ও ডিপো খোলা রাখা হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এ সিদ্ধান্তের ফলে দেশের বিভিন্ন অঞ্চলে জ্বালানি তেলের সরবরাহ আরও মসৃণ হবে এবং বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখবে।