Tuesday, August 18, 2026

তিন দর্শকের জন্য এক ঘণ্টা একই গান গান, ১০ লাখ ডলারে পারফরম্যান্স


ফাইল ছবিঃ সংগীতশিল্পী একন (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

বিশাল মঞ্চ, চোখ ধাঁধানো আলোকসজ্জা, লেজার শো, পুরো ট্যুরিং টিম সবকিছু দেখে সংগীতশিল্পী একনও ভেবেছিলেন, নিশ্চয়ই বড় কোনো আয়োজন হতে যাচ্ছে। কিন্তু মঞ্চে উঠে যে দৃশ্য দেখলেন, তা ছিল একেবারেই ভিন্ন। দর্শক হিসেবে অপেক্ষা করছিলেন মাত্র তিনজন। আর শেষ পর্যন্ত সেই তিনজনের একজনের অনুরোধে প্রায় এক ঘণ্টা ধরে একই গান গাইতে হয়েছে তাকে।

সম্প্রতি ‘ফ্ল্যাগর‍্যান্ট’ পডকাস্টে ক্যারিয়ারের এই অদ্ভুত অভিজ্ঞতার কথা জানিয়েছেন সেনেগালিজ-আমেরিকান সংগীতশিল্পী, গীতিকার ও প্রযোজক একন। তাঁর ভাষ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যের একটি ধনী পরিবারের ব্যক্তিগত অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়েছিলেন তিনি। ওই অনুষ্ঠানের জন্য তাঁর পারিশ্রমিক ছিল ১০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১২ কোটি টাকারও বেশি।

একন জানান, পরিবারের এক তরুণী তাঁর ভক্ত ছিলেন। মূলত তাঁর আগ্রহেই আয়োজন করা হয় এই বিশেষ পারফরম্যান্সের। তবে অনুষ্ঠানের প্রস্তুতি দেখে একন ধারণা করেছিলেন, সেখানে বিপুলসংখ্যক দর্শক উপস্থিত থাকবেন।

এ জন্য তাঁর সঙ্গে গিয়েছিল পুরো ট্যুরিং টিম। ছিলেন সাউন্ড ইঞ্জিনিয়ার, লাইটিং টিম, রোড ম্যানেজার ও বিজনেস ম্যানেজারসহ সংশ্লিষ্ট কর্মীরা। তাঁর চাহিদা অনুযায়ী অনুষ্ঠানের জন্য নেওয়া হয়েছিল বড় মঞ্চ ও আধুনিক প্রযুক্তির নানা ব্যবস্থা।

অনুষ্ঠানে যাওয়ার জন্য একনের জন্য পাঠানো হয় একটি বিশেষ ৭৪৭ উড়োজাহাজ। তাঁর বর্ণনা অনুযায়ী, উড়োজাহাজটিতে ছিল শোবার ঘর, গোসলের ব্যবস্থা, গেম রুম ও থিয়েটার। এত আয়োজন দেখে তিনি স্বাভাবিকভাবেই ধরে নিয়েছিলেন, সামনে অপেক্ষা করছে বড় কোনো কনসার্ট।

কিন্তু অনুষ্ঠানস্থলে পৌঁছে পুরো চিত্র বদলে যায়। বিশাল হলজুড়ে ছিল বড় মঞ্চ, এলইডি লাইট ও লেজারসহ নানা আয়োজন। অথচ দর্শকদের জন্য রাখা হয়েছিল মাত্র তিনটি চেয়ার।

কিছুক্ষণ পর পরিবারের তিন সদস্য একজন মেয়ে, একজন ছেলে ও তাদের মা সেখানে উপস্থিত হন। এরপর শুরু হয় একনের পরিবেশনা।

তবে কিছুক্ষণ পর ওই তরুণী একনকে থামিয়ে তাঁর জনপ্রিয় ‘মিস্টার লোনলি’ গানটি গাওয়ার অনুরোধ করেন। একন গানটি গাওয়ার পরও অনুরোধ থামেনি। বারবার একই গান শুনতে চাওয়ায় শেষ পর্যন্ত প্রায় এক ঘণ্টা ধরে ‘মিস্টার লোনলি’ গানটিই পরিবেশন করতে হয় তাকে।

ঘটনাটি স্মরণ করে একন রসিকতা করে বলেন, সে সময় তার মনে হচ্ছিল, তাকে যেন একটি সিডি প্লেয়ারের মতো ব্যবহার করা হচ্ছে। পুরো ট্যুরিং দল ও মঞ্চের কর্মীরা বড় একটি কনসার্টের প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত তিনজন দর্শকের সামনে একই গান বারবার গাইতে হয়েছে।

অনুষ্ঠানের বিপুল ব্যয়ের কথাও তুলে ধরেন একন। তাঁর দাবি, শিল্পীর পারিশ্রমিক ও মঞ্চসজ্জাসহ পুরো আয়োজনের পেছনে প্রায় ৫০ লাখ ডলার খরচ হয়েছিল।

এত বড় আয়োজনের প্রয়োজন ছিল কি না, তা নিয়েও পরে মজা করেন একন। তাঁর মতে, আগে থেকে অনুষ্ঠানের ধরন জানানো হলে তিনি অনেক কম খরচেই পরিবারের বসার ঘরে গিয়ে এক ঘণ্টা গান গেয়ে আসতে পারতেন।

২০০৪ সালে প্রথম অ্যালবাম ‘ট্রাবল’ প্রকাশের মাধ্যমে আন্তর্জাতিক সংগীতাঙ্গনে পরিচিতি পান একন। ‘লকড আপ’ ও ‘লোনলি’ গান তাঁকে বিশ্বজুড়ে জনপ্রিয়তা এনে দেয়। এরপর ‘স্ম্যাক দ্যাট’, ‘আই ওয়ানা লাভ ইউ’, ‘ডোন্ট ম্যাটার’, ‘বিউটিফুল’ ও ‘রাইট নাউ (না না না)’সহ একাধিক হিট গান উপহার দিয়েছেন তিনি। গানের পাশাপাশি প্রযোজক ও উদ্যোক্তা হিসেবেও নিজের অবস্থান তৈরি করেছেন এই শিল্পী।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন