Tuesday, August 18, 2026

ক্রিকেটের মাঠ থেকে চলচ্চিত্রের পর্দায়, জন্মদিনে স্মরণীয় প্রবীর মিত্র


ফাইল ছবিঃ প্রবীর মিত্র (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

বাংলা চলচ্চিত্রে দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য চরিত্রে অভিনয় করে দর্শকের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন প্রবীর মিত্র। তবে অভিনয়ের জগতে পরিচিত হওয়ার আগে তাঁর আরেকটি পরিচয় ছিল তিনি ছিলেন একজন ক্রীড়াপ্রেমী ও প্রতিভাবান খেলোয়াড়। ক্রিকেট, হকি, ফুটবল ও ব্যাডমিন্টন স্কুলজীবনে নিয়মিতই এসব খেলায় অংশ নিতেন তিনি।

আজ ১৮ আগস্ট প্রয়াত এই গুণী অভিনেতার জন্মদিন। ১৯৪১ সালের এই দিনে চাঁদপুরের নতুনবাজার এলাকার গুয়াখোলায় মামার বাড়িতে জন্মগ্রহণ করেন প্রবীর কুমার মিত্র। ২০২৫ সালের ৫ জানুয়ারি ৮৩ বছর বয়সে তিনি মারা যান।

পুরান ঢাকায় বেড়ে ওঠা প্রবীর মিত্রের শৈশব ও কৈশোর কেটেছে খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে। ঢাকার পোগোজ স্কুলে পড়ার সময় তিনি প্রথম বিভাগ ক্রিকেট খেলেছেন। হকিতেও প্রথম বিভাগে খেলেছেন। ফুটবলে খেলেছেন দ্বিতীয় বিভাগে। পাশাপাশি ব্যাডমিন্টনও ছিল তাঁর পছন্দের খেলা।

এক সাক্ষাৎকারে নিজের খেলোয়াড়জীবনের স্মৃতিচারণ করে প্রবীর মিত্র জানিয়েছিলেন, সারা বছরই মাঠে পড়ে থাকতেন তিনি। খেলাধুলাই ছিল তাঁর জীবনের বড় একটি অংশ। তবে ফুটবলে প্রথম বিভাগে ওঠার পর পরিবারের পক্ষ থেকে তাঁকে খেলা ছেড়ে দিতে বলা হয়। এরপর ধীরে ধীরে অভিনয়ের দিকে মনোযোগী হন তিনি।

খেলাধুলার পাশাপাশি স্কুলজীবন থেকেই নাটকের সঙ্গেও যুক্ত ছিলেন প্রবীর মিত্র। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে মঞ্চে তাঁর অভিনয়ের হাতেখড়ি হয়।

১৯৬৯ সালে প্রয়াত এইচ আকবরের ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন প্রবীর মিত্র। তবে ছবিটি মুক্তি পায় ১৯৭১ সালের ১ জানুয়ারি। ক্যারিয়ারের শুরুতে কয়েকটি চলচ্চিত্রে নায়ক হিসেবেও অভিনয় করেন তিনি। পরবর্তী সময়ে চরিত্রাভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন এবং দর্শকের কাছে হয়ে ওঠেন অত্যন্ত পরিচিত ও প্রিয় মুখ।

দীর্ঘ অভিনয়জীবনে ‘তিতাস একটি নদীর নাম’, ‘জীবন তৃষ্ণা’, ‘সেয়ানা’, ‘জালিয়াত’, ‘ফরিয়াদ’, ‘রক্ত শপথ’, ‘চরিত্রহীন’, ‘জয়-পরাজয়’, ‘অঙ্গার’, ‘ফকির মজনু শাহ’, ‘মধুমিতা’, ‘অশান্ত ঢেউ’, ‘অলংকার’, ‘অনুরাগ’, ‘প্রতিজ্ঞা’, ‘তরুলতা’, ‘গাঁয়ের ছেলে’ ও ‘পুত্রবধূ’সহ অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাঁর অভিনীত চলচ্চিত্রের সংখ্যা চার শতাধিক।

অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনে খেলাধুলার প্রতি তাঁর ভালোবাসার কথাও বিভিন্ন সময় উঠে এসেছে। সময়ের সঙ্গে অভিনেতা প্রবীর মিত্রের পরিচয়ই সবচেয়ে বড় হয়ে উঠলেও তাঁর খেলোয়াড়সত্তাও ছিল সমান উজ্জ্বল।

জন্মদিনে তাই চলচ্চিত্রপ্রেমীদের পাশাপাশি তাঁর ক্রীড়াপ্রেমী ভক্তদের কাছেও নতুন করে স্মরণীয় হয়ে উঠেছেন প্রবীর মিত্র যিনি মাঠের খেলোয়াড় থেকে একসময় হয়ে উঠেছিলেন বাংলা চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন