- ১৮ আগস্ট, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ক্যামেরার নজরদারি চালু হওয়ায় চাঁদাবাজির প্রবণতা কমে আসবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মালিকপক্ষ, শ্রমিক সংগঠন কিংবা পুলিশের কেউ চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলেও ক্যামেরার মাধ্যমে তা নজরদারির আওতায় আসবে বলে জানান তিনি।
মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহাসড়কে চাঁদাবাজির ঘটনা ক্যামেরায় রেকর্ড হলে এর সঙ্গে জড়িতদের শনাক্ত করা সহজ হবে। জনগণের সহযোগিতা নিয়ে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ করা সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে হাইওয়ে পুলিশের উদ্যোগের প্রশংসা করে সালাহউদ্দিন আহমদ বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৯০টি পিলারে স্বয়ংক্রিয় ক্যামেরা ও এআই প্রযুক্তির ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে সড়কে বিভিন্ন ধরনের আইন লঙ্ঘন স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা হবে।
নির্ধারিত গতিসীমার বেশি গতিতে গাড়ি চালানো, ট্রাফিক আইন ভঙ্গ, উল্টো পথে চলাচল, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এবং সাইন-সিগন্যাল অমান্যের মতো অপরাধ ক্যামেরার মাধ্যমে শনাক্ত হবে। পরে সিস্টেমের মাধ্যমে জরিমানা আরোপ করে সংশ্লিষ্ট তথ্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাছে পাঠানো হবে।
তিনি জানান, জরিমানার তথ্য গাড়ির মালিকের মুঠোফোনে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। নির্ধারিত মোবাইল আর্থিক সেবার মাধ্যমে জরিমানা পরিশোধের সুযোগও থাকবে। কোনো গাড়ির বিরুদ্ধে তিনবার জরিমানা হলে নিবন্ধন বাতিল করা হবে কি না, তা বিআরটিএর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অটো ফাইন সিস্টেম চালুর পর এর কার্যক্রম পর্যবেক্ষণ করে বিভিন্ন ত্রুটি চিহ্নিত ও সংশোধন করা হবে। সফলভাবে বাস্তবায়নের পর ধাপে ধাপে দেশের অন্যান্য মহাসড়কেও এই প্রযুক্তি চালু করা হবে।
নতুন এই ব্যবস্থার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে হাইওয়ে পুলিশ ও বাংলাদেশ পুলিশ গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচার চালাবে বলেও জানান তিনি।
মহাসড়কে থ্রি-হুইলার চলাচলের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিন চাকার যানবাহনগুলোকে একটি শৃঙ্খলার মধ্যে আনার উদ্যোগ নেওয়া হবে। তবে কোনো অবস্থাতেই মহাসড়কে নন-মোটরাইজড যানবাহন বা থ্রি-হুইলার চলতে দেওয়া হবে না। লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধেও প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে মালিক, শ্রমিক ও পুলিশের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শামছুর রহমান শিমুল বিশ্বাস, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির।
হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।