- ১৮ আগস্ট, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবিতে গণতান্ত্রিকভাবে আন্দোলন-প্রতিবাদ করলেও সেটিকে ‘হঠকারিতা’ হিসেবে উপস্থাপন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
সোমবার রাজধানীর একটি হোটেলে ‘সাংবাদিকের চোখে জুলাই’ শীর্ষক অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। এনসিপি-সংশ্লিষ্ট সংগঠন ডেমোক্রেটিক জার্নালিস্ট অ্যালায়েন্স (ডিজেএ) এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে জুলাই গণ-অভ্যুত্থানের সময় মাঠে থেকে সংবাদ সংগ্রহ করা এবং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে ভূমিকা রাখা সাংবাদিকরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।
নাহিদ ইসলাম বলেন, গণতান্ত্রিক প্রতিবাদের অংশ হিসেবে রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করাও বৈধ আন্দোলনের একটি পদ্ধতি। কিন্তু বর্তমানে এমন কর্মসূচিকেও নেতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে।
তিনি বলেন, রাস্তায় প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ করতে নামলেও সেটিকে বাস ভাঙচুরের সঙ্গে যুক্ত করে গ্রেপ্তার বা মামলা দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। সরকারের পক্ষ থেকে এমন একটি বয়ান তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
বাংলাদেশের বর্তমান মুক্ত পরিবেশকে ‘আপৎকালীন’ হিসেবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এই পরিস্থিতি কতদিন থাকবে, তা কেউ জানে না। ধীরে ধীরে গণতন্ত্র ও মতপ্রকাশের সুযোগ সংকুচিত হচ্ছে দাবি করে তিনি বলেন, এই সংকোচন ঠেকাতে সবাইকে সম্মিলিতভাবে ভূমিকা রাখতে হবে।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরাই তাদের প্রধান দায়িত্ব। রাজনৈতিক দল হিসেবে নিজেদের জায়গা থেকে প্রয়োজনীয় ভূমিকা পালনের কথাও জানান তিনি।
এ সময় বিএনপি সরকার ক্ষমতায় আসার পর অনেক সাংবাদিককে গণমাধ্যম থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। পাশাপাশি গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে সাংবাদিকদের সুরক্ষা আইনসহ যেসব নীতিগত সুপারিশ রয়েছে, সেগুলো বাস্তবায়নের দাবি জানান তিনি।
অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের দায়িত্বশীল ব্যক্তিদের পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানের সময় মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহ করা সাংবাদিকরা বক্তব্য দেন। তারা ওই সময়ের নানা অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি অভ্যুত্থান-পরবর্তী সময়ে তাদের প্রত্যাশা ও প্রাপ্তির বিষয়েও কথা বলেন। কয়েকজন সাংবাদিক চাকরিচ্যুত হওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন। আবার কেউ কেউ প্রত্যাশিত পরিবর্তন পুরোপুরি বাস্তবায়িত না হওয়ায় হতাশা প্রকাশ করেন।