- ১২ আগস্ট, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে কৃষকদের টিএসপি সার কিনতে হচ্ছে—এমন অভিযোগ তুলে বাজারে সক্রিয় একটি ‘সিন্ডিকেটের’ বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বুধবার (১২ আগস্ট) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, সরকার টিএসপি সারের প্রতি বস্তার দাম ১ হাজার ৩৫০ টাকা নির্ধারণ করলেও কৃষকদের তা কিনতে হচ্ছে ১ হাজার ৮০০ টাকায়।
নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁর পোস্টে প্রশ্ন তোলেন, প্রতি বস্তায় অতিরিক্ত ৪৫০ টাকা করে নেওয়া হলে সেই অর্থ কোথায় যাচ্ছে এবং কারা এর সুবিধা পাচ্ছে। একই সঙ্গে সার বাজারে এই অতিরিক্ত দামের পেছনে কারা জড়িত এবং ‘সিন্ডিকেট’টি কীভাবে পরিচালিত হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
এনসিপির এই নেতা আরও অভিযোগ করেন, কথিত সিন্ডিকেটের সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় প্রকাশ্যে না এলেও এর নেপথ্যে প্রভাবশালী কারও সংশ্লিষ্টতার আলোচনা রয়েছে। তবে এ বিষয়ে তিনি কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করেননি।
পরে নিজের পোস্টের মন্তব্যের ঘরে নাসীরুদ্দীন পাটওয়ারী আরও একটি মন্তব্য করেন। সেখানে তিনি ‘ভাইয়া’ শব্দটি ব্যবহার করে কথিত সিন্ডিকেট নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন।
তবে তাঁর পোস্টে ব্যবহৃত ‘ভাইয়া’ বলতে কাকে বোঝানো হয়েছে, সেটি স্পষ্ট করেননি নাসীরুদ্দীন পাটওয়ারী। তাঁর অভিযোগের পক্ষে কোনো নথি বা বিস্তারিত তথ্যও ওই পোস্টে তুলে ধরা হয়নি।
টিএসপি সার কৃষি উৎপাদনের অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ। তাই সরকারি দামের তুলনায় বেশি দামে কৃষকদের সার কিনতে হচ্ছে কি না এবং বাজারে অতিরিক্ত দামের পেছনে কোনো অনিয়ম বা মধ্যস্বত্বভোগীদের কারসাজি রয়েছে কি না—এ নিয়ে তাঁর বক্তব্যের পর নতুন করে আলোচনা শুরু হয়েছে।