Wednesday, August 12, 2026

অলি আহমদ বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন: ফজলুর রহমান


ছবিঃ অ্যাডভোকেট মো. ফজলুর রহমান এবং কর্নেল (অব.) আহমেদ অলি (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

রাষ্ট্রপতি পদে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপির সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। তিনি অলি আহমদকে ‘বুড়ো বয়সে ভীমরতি’তে আক্রান্ত বলে মন্তব্য করেছেন।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে অলি আহমদের রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে ফজলুর রহমান এ মন্তব্য করেন।

অলি আহমদের প্রার্থিতা প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে যারা অবস্থান পরিবর্তন করেন, তাদের মধ্যে অলি আহমদকে তিনি দেখতে পাচ্ছেন। তবে এ নিয়ে অলি আহমদকে আরও অপমানজনক কোনো মন্তব্য করতে চান না বলেও জানান তিনি।

অলি আহমদকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করার বিষয়টি কীভাবে দেখছেন—সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ফজলুর রহমান বলেন, অলি আহমদের মতো একজন ব্যক্তি যদি মানসিকভাবে ‘ডিস্টার্ব’ না হতেন, তাহলে তিনি বুঝে-শুনে এমন একটি পদে প্রার্থী হতেন না, যেখানে তাঁর জয়ের সম্ভাবনা নেই।

নিজের বক্তব্যের ব্যাখ্যায় বিএনপির এই সংসদ সদস্য বলেন, ১১ দলীয় জোটের সর্বোচ্চ ভোট ৭৫ বা ৭৬ হতে পারে। বিপরীতে অন্য পক্ষের ভোট রয়েছে ২২৫টি। এমন পরিস্থিতিতে অলি আহমদকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

ফজলুর রহমান আরও বলেন, অলি আহমদকে তিনি এখন আর মুক্তিযুদ্ধের পক্ষের কেউ মনে করেন না।

এদিকে বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দুজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন—এ বিষয়ে জানতে চাইলে ফজলুর রহমান বলেন, বিষয়টি নিয়ে মন্তব্য করার সময় এখনো আসেনি।

তিনি বলেন, অনেকে বিএনপির প্রধানমন্ত্রীকে ‘তারুণ্যের প্রতীক’ বললেও এখন তিনি শুধু তারুণ্যের প্রতীক নন, বরং অভিজ্ঞতারও প্রতীক। দলের স্থায়ী কমিটি তার ওপর যে দায়িত্ব দিয়েছে, তিনি সঠিক সময়ে নির্ভুল ও সাহসী সিদ্ধান্ত নেবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন ফজলুর রহমান।

অলি আহমদের রাষ্ট্রপতি প্রার্থিতা এবং বিএনপির সম্ভাব্য প্রার্থী নিয়ে দুই পক্ষের রাজনৈতিক অবস্থান ঘিরে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে। ফজলুর রহমানের সাম্প্রতিক মন্তব্য সেই রাজনৈতিক বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন