- ২৭ জুন, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক। PNN
থাইল্যান্ডের পর্যটননগরী পাটায়ার কাছে একটি ১৭ বছর বয়সী কিশোরীর মরদেহ সুটকেসের ভেতরে পাওয়া যাওয়ার ঘটনায় অস্ট্রেলিয়ার এক নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ঘটনাটি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম সাইমন কারম্যান (৪৬)। শুক্রবার রাতে ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করা হয়। সে তখন অস্ট্রেলিয়ার পার্থগামী একটি ফ্লাইটে ওঠার প্রস্তুতি নিচ্ছিল বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় গণমাধ্যম।
তদন্ত কর্মকর্তাদের বরাতে জানা গেছে, সিসিটিভি ফুটেজে দেখা যায়, বৃহস্পতিবার ভোরের দিকে কিশোরীটি অভিযুক্ত ব্যক্তির সঙ্গে একটি কনডোমিনিয়ামে প্রবেশ করে। কয়েক ঘণ্টা পর আরেকটি ফুটেজে তাকে একটি বড় কালো সুটকেস নিয়ে ভবন থেকে বের হতে দেখা যায়, যা তিনি পরে মোটরসাইকেলের পেছনে তুলে নিয়ে যান।
পরে রেললাইনের কাছাকাছি একটি এলাকায় ওই সুটকেস থেকে কিশোরীর নগ্ন মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, তাকে মারধর ও শারীরিক নির্যাতনের পর হত্যা করা হয়েছে। নিহতের মুখে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে তদন্তকারী কর্মকর্তারা।
ঘটনাটি প্রকাশ্যে আসে শুক্রবার বিকেলে, যখন কিশোরীর বন্ধুরা তাকে নিখোঁজ হিসেবে রিপোর্ট করেন। এরপর পুলিশ তার শেষ অবস্থান ট্র্যাক করে সন্দেহভাজন ব্যক্তির অবস্থান শনাক্ত করে এবং অভিবাসন কর্তৃপক্ষকে জানায়। পরে বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারের পর সাইমন কারম্যান অভিযোগ অস্বীকার করেছেন। তবে পাটায়া সিটি পুলিশের প্রধান জানান, প্রাথমিক তদন্তে তাকে হত্যাকাণ্ডের জন্য দায়ী বলে সন্দেহ করা হচ্ছে। তার শরীরে নখের আঁচড় পাওয়া গেছে, যা সংঘর্ষের সময়ের আঘাত বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, জিজ্ঞাসাবাদের সময় গলায় আঘাতের দাগ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি তা একটি “মাকড়সার কামড়” বলে দাবি করেন।
তার বিরুদ্ধে হত্যাকাণ্ড, মরদেহ গোপন করা এবং নাবালিকাকে অনৈতিক উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগ আনা হয়েছে।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং অভিযুক্ত নাগরিককে কনস্যুলার সহায়তা দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে থাইল্যান্ডে পর্যটকদের জন্য ভিসামুক্ত থাকার মেয়াদ কমানোসহ বিদেশিদের জড়িত অপরাধমূলক ঘটনার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।