Wednesday, August 12, 2026

টেকনাফে ডাম্পার-মোটরসাইকেল সংঘর্ষে দুই তরুণ নিহত


ছবিঃ নিহত আরমান মুরাদ ও রুবেল (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে ডাম্পার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকালে হোয়াইক্যং ইউনিয়নের ঘিলাতলী এলাকায় টেকনাফ-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হোয়াইক্যং ইউনিয়নের ঘিলাতলী এলাকার আরমান মুরাদ এবং পালংখালী পশ্চিম ফারিবিল এলাকার ছবির আহম্মদের ছেলে রুবেল।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আরমান ও রুবেল একটি মোটরসাইকেলে করে কর্মস্থল একটি এনজিও সংস্থায় যাচ্ছিলেন। ঘিলাতলী এলাকায় ফরেন এনজিও অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পারের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুজনই গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পালংখালীর একটি এনজিও সংস্থার হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এদিকে সংঘর্ষের পর ডাম্পারটি ঘটনাস্থলে রেখে চালক পালিয়ে যান। পরে পুলিশ গাড়িটি জব্দ করলেও চালককে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি।

হোয়াইক্যং নয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবছার উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে ঘিলাতলী এলাকায় ডাম্পার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরমান ও রুবেল নামে দুই তরুণ নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।

ওসি আরও জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে আবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পলাতক ডাম্পারচালককে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন