Monday, May 11, 2026

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনে বরিশাল সদর হাসপাতালে তৎপরতা, অনুপস্থিত কর্মী সাময়িক বরখাস্ত


ছবিঃ স্বাস্থ্যমন্ত্রী সরদার মো সাখাওয়াত হোসেন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। বরিশাল 

দেশে হামের সংক্রমণ পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, যাদের সম্প্রতি হাম প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে, তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠতে অন্তত চার সপ্তাহ সময় লাগবে। এরপর পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

সোমবার সকালে বরিশাল সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, নিয়ম অনুযায়ী কয়েক বছর পরপর হাম প্রতিরোধী টিকাদান কার্যক্রম জোরদার করার কথা থাকলেও গত কয়েক বছরে সেই ধারাবাহিকতায় ঘাটতি ছিল। এর ফলে বিভিন্ন এলাকায় সংক্রমণ বাড়তে শুরু করে। তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সময় প্রয়োজনীয় টিকার মজুত সীমিত ছিল। তবে দ্রুত উদ্যোগ নিয়ে নতুন করে টিকা সংগ্রহ করা হয়েছে এবং সারাদেশে সরবরাহ বাড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে অনেক এলাকায় নতুন আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে, যা ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে। তবে সবাইকে সচেতন থাকতে হবে এবং শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করতে হবে।

হাসপাতাল পরিদর্শনের সময় মন্ত্রী প্রথমে টিকিট কাউন্টারে যান। সেখানে দায়িত্বপ্রাপ্ত এক কর্মীকে অনুপস্থিত দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন। পরে তিনি চিকিৎসকদের উপস্থিতির খাতা পরীক্ষা করেন এবং রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার বিভিন্ন দিক সম্পর্কে মতামত নেন।

এ সময় হাসপাতাল কর্তৃপক্ষকে সেবার মান আরও উন্নত করা, রোগীদের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করা এবং দায়িত্ব পালনে অবহেলা না করার নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন