Monday, May 11, 2026

প্রাণঘাতী হ্যান্টাভাইরাস আতঙ্কে ক্রুজ জাহাজ টেনেরিফে বন্দরে, চলছে জরুরি স্বাস্থ্য অভিযান


ছবিঃ স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের অন্তর্গত টেনেরিফ দ্বীপের গ্রানাডিলা দে আবোনার শিল্প বন্দরে ডাচ পতাকাবাহী হান্টাভাইরাস-আক্রান্ত প্রমোদতরী এমভি হনডিয়াস এসে পৌঁছেছে (সংগৃহীত । আল জাজিরা । হোর্হে গেরেরো/এএফপি)

আন্তর্জাতিক ডেস্ক। PNN 

স্প্যানিশ দ্বীপ টেনেরিফের গ্রানাদিলা বন্দরের কাছে পৌঁছেছে হ্যান্টাভাইরাস সংক্রমণে আক্রান্ত বিলাসবহুল ক্রুজ জাহাজ এমভি হন্ডিয়াস। প্রাণঘাতী এই ভাইরাসে ইতোমধ্যে তিনজনের মৃত্যু এবং একাধিক যাত্রীর আক্রান্ত হওয়ার ঘটনায় আন্তর্জাতিকভাবে উদ্বেগ তৈরি হয়েছে।

ডাচ পতাকাবাহী জাহাজটি রবিবার ভোরে স্প্যানিশ বন্দরের কাছে পৌঁছায়। নিরাপত্তার কারণে এটি স্পেনের সিভিল গার্ডের একটি জাহাজের তত্ত্বাবধানে রাখা হয়। ইউরোপের সামুদ্রিক ট্র্যাকিং সেবা ভেসেলফাইন্ডারের তথ্য অনুযায়ী, জাহাজটি কয়েকদিন আগে কেপ ভার্দে উপকূল থেকে যাত্রা শুরু করেছিল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং ইউরোপীয় ইউনিয়নের অনুরোধে স্পেন কর্তৃপক্ষ যাত্রীদের জরুরিভাবে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ জাহাজে হ্যান্টাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। WHO জানায়, এখন পর্যন্ত অন্তত আটজন যাত্রী অসুস্থ হয়েছেন, যাদের মধ্যে তিনজন মারা গেছেন। মৃতদের মধ্যে দুইজন ডাচ নাগরিক ও একজন জার্মান নাগরিক রয়েছেন।

ইউরোপীয় স্বাস্থ্য সংস্থা সতর্কতা হিসেবে জাহাজের সব যাত্রীকেই উচ্চ ঝুঁকিপূর্ণ সংস্পর্শে থাকা ব্যক্তি হিসেবে বিবেচনা করছে। স্পেনের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দরে পৌঁছানোর পর যাত্রীদের প্রথমে স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং উপসর্গ না থাকলে ছোট নৌকায় করে তীরে আনা হবে।

পরবর্তীতে বিশেষভাবে সিল করা বাসে তাদের বিমানবন্দরে নেওয়া হবে, সেখান থেকে নিজ নিজ দেশে পাঠানো হবে। প্রথমে স্পেনের নাগরিকদের নামিয়ে আনা হবে, এরপর পর্যায়ক্রমে অন্যান্য দেশের যাত্রীদের সরানো হবে।

এদিকে WHO মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়েসুস টেনেরিফে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তিনি স্থানীয় জনগণকে আশ্বস্ত করে বলেন, এটি কোভিড-১৯ এর মতো বড় মহামারি নয়।

বিশেষজ্ঞদের মতে, হ্যান্টাভাইরাস সাধারণত ইঁদুরের মাধ্যমে ছড়ায়, তবে বিরল ক্ষেত্রে মানুষ থেকে মানুষে সংক্রমণ ঘটতে পারে। তবে WHO জানিয়েছে, সাধারণ মানুষের জন্য ঝুঁকি তুলনামূলকভাবে কম।

স্থানীয় এলাকায় আতঙ্ক থাকলেও স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রয়েছে। অনেকেই জানান, তারা পরিস্থিতি নিয়ে সচেতন হলেও অতিরিক্ত ভয় পাচ্ছেন না।

জাহাজের বাকি যাত্রী ও ক্রুদের স্বাস্থ্য পরীক্ষা ও পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে। ক্রুর একটি অংশ নেদারল্যান্ডসে ফিরে গিয়ে জাহাজটি জীবাণুমুক্ত করার কাজ সম্পন্ন করবে বলে জানা গেছে।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন