- ২০ আগস্ট, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মরদেহ শেষবারের মতো দেখতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে রাজধানীর কলাবাগানের বাসায় পৌঁছেছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সেখানে স্বামীর মরদেহ দেখে আবেগ ধরে রাখতে পারেননি তিনি। কান্নায় ভেঙে পড়েন সাবেক এই মন্ত্রী।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা ১৫ মিনিটে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে কঠোর নিরাপত্তার মধ্যে প্রিজনভ্যানে করে ঢাকার উদ্দেশে রওনা হন দীপু মনি। প্রায় তিন ঘণ্টা পর সকাল সোয়া ৯টার দিকে তিনি কলাবাগানের বাসায় পৌঁছান।
বাসায় পৌঁছানোর পর প্রিজনভ্যানে থাকা স্বামীর মরদেহ দেখেন দীপু মনি। এ সময় তিনি অশ্রুসিক্ত হয়ে পড়েন। তাঁকে ঘিরে থাকা স্বজনদের মধ্যেও নেমে আসে শোকের আবহ। পুরো বাড়িতে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ।
দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল জানান, কলাবাগানের এই বাসাতেই দীপু মনি ও তৌফিক নেওয়াজের প্রথম পরিচয় হয়েছিল। স্বামীর মরদেহ দেখার পর তাঁকে গুলশান আজাদ মসজিদে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
এর আগে বুধবার (১৯ আগস্ট) স্বামীকে শেষবারের মতো দেখতে দীপু মনিকে প্যারোলে মুক্তির আবেদন করেন তাঁর মেয়ে তনী দীপাভলী নেওয়াজ। আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি দেওয়া হয়। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাঁর প্যারোলের সময় নির্ধারণ করা হয়।
ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।
স্বামীর মৃত্যুর খবর পাওয়ার পর তাঁর শেষ বিদায়ে অংশ নিতে প্যারোলে মুক্তির আবেদন করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে দাফনসহ শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শেষে দীপু মনিকে আবার কারাগারে ফেরত নেওয়ার কথা রয়েছে।