Thursday, August 20, 2026

সরকারের পাশাপাশি বিরোধী দলের ভূমিকাও মূল্যায়ন জরুরি: রাশেদ খান


ফাইল ছবিঃ রাশেদ খান (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

সরকারের ছয় মাসের কর্মকাণ্ড মূল্যায়নের পাশাপাশি রাষ্ট্র পরিচালনায় বিরোধী দলের ভূমিকা কতটা কার্যকর, সেটিও মূল্যায়ন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। জাতীয় সংকটকে কেন্দ্র করে রাজনৈতিক বিরোধিতা না করে সরকারকে সহযোগিতা করার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (১৯ আগস্ট) রাতে নিজের ফেসবুক পোস্টে রাশেদ খান এসব কথা বলেন।

তিনি বলেন, গণ-অভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা রাজনৈতিক বাস্তবতায় একটি পক্ষ সরকার পরিচালনার দায়িত্বে রয়েছে, অন্য একটি পক্ষ বিরোধী দলে রয়েছে। ফলে রাষ্ট্র পুনর্গঠনে উভয় পক্ষেরই দায়িত্ব রয়েছে। তাঁর মতে, সরকার কী করছে তার পাশাপাশি বিরোধী দল জাতীয় স্বার্থে কতটা সহযোগিতা করছে, সেটিও জনসম্মুখে আলোচনার বিষয় হওয়া উচিত।

রাশেদ খান তাঁর পোস্টে প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরে বলেন, সরকার ও বিরোধী দল একে অপরের পরিপূরক হিসেবে কাজ করার কথা। জাতীয় সংকট মোকাবিলায় রাজনৈতিক বিভাজনের বদলে সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও তিনি মত দেন।

দেশের জ্বালানি ও বিদ্যুৎসহ বিভিন্ন সংকটের প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা দাবি করেন, এসব সমস্যা বর্তমান সরকারের তৈরি নয়। তাঁর ভাষ্য, বিগত প্রায় দুই দশকের দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে এসব সংকট বর্তমান সরকারকে উত্তরাধিকার হিসেবে মোকাবিলা করতে হচ্ছে।

তিনি বলেন, জ্বালানি-বিদ্যুৎসহ বিভিন্ন জাতীয় সংকটকে রাজনৈতিক ইস্যু হিসেবে ব্যবহার না করে এর পেছনের দীর্ঘদিনের দুর্নীতি, ঋণের চাপ ও অব্যবস্থাপনার বিষয়টি জনগণের সামনে তুলে ধরা উচিত ছিল বিরোধী দলের।

রাশেদ খান আরও বলেন, অন্তর্বর্তী সরকারের দীর্ঘ সময় দায়িত্ব পালনের পরও এসব সংকটের স্থায়ী সমাধান হয়নি। তাঁর মতে, ওই সময়ে সমস্যাগুলোর সমাধান হলে বর্তমান সরকারের জন্য পরিস্থিতি মোকাবিলা করা তুলনামূলক সহজ হতো।

বিরোধী দলের রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, জাতীয় সংকটের সময় সরকারকে সহযোগিতা করার পরিবর্তে মানুষকে বিভ্রান্ত করা এবং পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে। এতে সমস্যার সমাধান না হয়ে সংকট আরও জটিল হয়ে উঠছে বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয় সংকট মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে রাশেদ খান বলেন, রাষ্ট্র পুনর্গঠনের এই সময়ে সরকার ও বিরোধী উভয় পক্ষকেই নিজ নিজ দায়িত্ব পালনে আরও আন্তরিক হতে হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন