Thursday, March 5, 2026

শুটিং সেটে চড় মারাকে কেন্দ্র করে সামিয়া অথই–তানজিন তিশা বিতর্কে তোলপাড়


ছবিঃ সামিয়া অথই ও তানজিন তিশা (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

মানিকগঞ্জে একটি নাটকের শুটিং সেটে চড় মারাকে কেন্দ্র করে অভিনেত্রী সামিয়া অথই ও তানজিন তিশা-র মধ্যে বিরোধের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে ফেসবুক লাইভে এসে সামিয়া অথই অভিযোগ করেন, ‘পুতুলের বিয়ে’ নামের একটি নাটকের দৃশ্যধারণের সময় তানজিন তিশা তাঁকে একাধিকবার চড় মেরেছেন। তাঁর দাবি, দৃশ্য অনুযায়ী তিনি তিশাকে একটি হালকা চড় মারার কথা ছিল, কিন্তু তিশা পাল্টা একাধিকবার আঘাত করেন, যার ফলে তাঁর গাল ও চোখ ফুলে যায়।

ঘটনাটি ঘটে মানিকগঞ্জের ঘিওর উপজেলার একটি গ্রামে। সকাল থেকে শুটিং চলছিল বলে জানা গেছে। বিকেলে দুজনের যৌথ দৃশ্য ধারণের সময় এ পরিস্থিতির সৃষ্টি হয়।

নাটকটির পরিচালক রাফাত মজুমদার জানান, প্রাথমিক চিত্রনাট্যে অথইয়ের পক্ষ থেকে তিশাকে চড় মারার বিষয়টি থাকলেও চূড়ান্ত রিহার্সালে সেটি বাদ দেওয়া হয়। তাঁর ভাষ্য, দৃশ্যটিতে মূলত কথার প্রতিক্রিয়া ও ধাক্কার অভিনয় থাকার কথা ছিল। তবে শুটিংয়ের সময় অথই চড় মারলে পরিস্থিতি পাল্টে যায় এবং তিশাও প্রতিক্রিয়ায় চড় মারেন।

অন্যদিকে সামিয়া অথই দাবি করেন, চড়ের বিষয়টি বাদ দেওয়া হয়নি এবং তানজিন তিশার চড় মারার কোনো নির্দেশনা চিত্রনাট্যে ছিল না। তিনি আরও বলেন, দৃশ্যটির জন্য তাঁদের মধ্যে আলাদা কোনো রিহার্সালও হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, অথই একটি চড় মারার পর তিশা তাঁকে কয়েকবার আঘাত করেন।

তানজিন তিশার দাবি, তিনি চরিত্র অনুযায়ীই অভিনয় করেছেন। তাঁর ভাষ্য, দৃশ্যে তিনি বিশেষ চাহিদাসম্পন্ন একটি চরিত্রে ছিলেন এবং চরিত্রের সীমার মধ্যেই প্রতিক্রিয়া দেখিয়েছেন। তিনি বলেন, চরিত্রের বাইরে গিয়ে কিছু করেননি।

ঘটনার পরপরই শুটিং সেট ছেড়ে চলে যান সামিয়া অথই। তিনি জানান, নিরাপত্তাজনিত আশঙ্কা থেকেই তিনি সেট ত্যাগ করেন এবং পরে আর ফেরেননি। পরিচালক জানান, বিষয়টি সেটেই মীমাংসার চেষ্টা করা হলেও সমাধান হয়নি।

এ ঘটনায় বিবৃতি দিয়েছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। সংগঠনটি বলেছে, সদস্যদের মধ্যে কোনো বিরোধ দেখা দিলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে না এনে সাংগঠনিকভাবে সমাধান করা উচিত। আচরণবিধি অনুযায়ী বিষয়টি সংগঠনকে জানানো প্রয়োজন বলেও তারা উল্লেখ করেছে।

সামিয়া অথই জানিয়েছেন, তিনি তানজিন তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করবেন।

শুটিং সেটে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রকৃত ব্যাখ্যা ও সমাধান এখন সংশ্লিষ্ট সংগঠনের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন