Thursday, July 30, 2026

সুখানপুকুর স্টেশনে একই লাইনে মুখোমুখি দুই ট্রেন, আতঙ্কে লাফিয়ে আহত ৪


ছবিঃ একই লাইনে মুখোমুখি দুটি ট্রেন, আতঙ্কে লাফিয়ে পড়লেন যাত্রীরা (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। বগুড়া

বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর রেলস্টেশনে একই লাইনে দুটি ট্রেন চলে আসায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রাণ বাঁচাতে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়ায় অন্তত চার যাত্রী আহত হয়েছেন। তবে চালক ও রেলওয়ে কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।

বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সুখানপুকুর রেলস্টেশনে কলেজ ট্রেন প্রবেশের সময় বিপরীত দিক থেকে পদ্মরাগ এক্সপ্রেসও একই লাইনে চলে আসে। দুটি ট্রেন মুখোমুখি অবস্থানে এগিয়ে আসতে দেখে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় কয়েকজন যাত্রী চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়েন। এতে অন্তত চারজন আহত হন।

পরে স্থানীয়ভাবে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহতরা চিকিৎসা নিয়ে চলে যাওয়ায় তাদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

সুখানপুকুর রেলস্টেশনের স্টেশন মাস্টার আব্দুল মতিন বলেন, কলেজ ট্রেনকে স্টেশনে প্রবেশের জন্য কোনো সিগন্যাল বা লাইন ক্লিয়ারেন্স দেওয়া হয়নি। কিন্তু এর আগেই ট্রেনটি স্টেশনে প্রবেশ করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। লালমনিরহাটের টিআই ছহির উদ্দিনকে কমিটির প্রধান করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন লালমনিরহাটের এসএসএই/লোকো ইন্সপেক্টর কাজী সুমন এবং এসএসএই/সিগন্যাল জিয়াউল হক।

এ বিষয়ে সহকারী সেতু প্রকৌশলী আফজাল হোসেন জানান, তদন্ত কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। তদন্তে দায়িত্বে অবহেলা বা কোনো ধরনের ত্রুটি পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন