- ০৫ আগস্ট, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, সরকার জুলাইয়ের চেতনা ও দেশের জনগণের সঙ্গে সুস্পষ্ট প্রতারণা করছে। গণভোটের প্রশ্নে সরকারের ভূমিকা ‘ফ্যাসিবাদী আচরণের’ বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেছেন তিনি।
বুধবার (৫ আগস্ট) ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এক গণসমাবেশে প্রধান বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে ডা. শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধারা দেশের জাতীয় সম্পদ। তাদের নিয়ে রাজনৈতিক স্বার্থে কোনো ধরনের খেলা বন্ধ করতে হবে। আন্দোলনে আহত অনেক মানুষ এখনো বিদেশের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, আবার অনেকে দেশে শয্যাশায়ী অবস্থায় কষ্ট পাচ্ছেন। কিন্তু তাদের চিকিৎসা ও পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, “এই সরকারের কাছে জুলাই, আহত এবং শহীদ পরিবারগুলোর কোনো মূল্য নেই। সরকার যদি স্বৈরাচারী আচরণ থেকে সরে না আসে, তাহলে আরেকটি জুলাই আসন্ন।”
জুলাই আন্দোলনের নেতৃত্ব প্রসঙ্গে জামায়াত আমির বলেন, এ আন্দোলনের কোনো একক ‘মাস্টারমাইন্ড’ ছিল—এমন ধারণায় তারা বিশ্বাস করেন না। দিনমজুর থেকে শুরু করে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জুলাই আন্দোলনের অংশীদার ছিলেন।
শহীদ পরিবারগুলোর পুনর্বাসন নিশ্চিত করা, আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা এবং জুলাই গণহত্যায় জড়িতদের বিচার সম্পন্ন করার দাবি জানান তিনি।
প্রধানমন্ত্রীর উদ্দেশে শফিকুর রহমান বলেন, ক্ষমতায় আসার আগে জাতির সামনে অনেক আশার কথা তুলে ধরা হয়েছিল। কিন্তু সময় গড়ালেও সেসব প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে না। জনগণকে দেওয়া আশ্বাসগুলো কোথায় হারিয়ে যাচ্ছে, সে বিষয়ে প্রধানমন্ত্রীর ব্যাখ্যা দেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, সরকার জাতির সঙ্গে প্রকাশ্য প্রতারণা করছে এবং সংসদেও এ বিষয়টি স্বীকার করা হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, “এখন শুধু আপনারা (বিএনপি) জাতির সামনে প্রতারক হিসেবে নিজেদের নিবন্ধিত করবেন।”
গণভোটের প্রশ্নে সরকারের অবস্থানের সমালোচনা করে বিরোধীদলীয় নেতা বলেন, সরকার ফ্যাসিবাদী আচরণ করছে বলেই জনগণ তাদের এমন অভিধায় অভিহিত করছে। তবে সরকার যদি এ ধরনের আচরণ থেকে সরে আসে, তাহলে জনগণ তাদের ফুল দিয়ে বরণ করবে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের রায়কে সম্মান জানিয়ে তা বাস্তবায়ন করতে হবে। অন্যথায় বাংলাদেশের মাটিতে কোনো ধরনের ফ্যাসিবাদী আচরণ মেনে নেওয়া হবে না।