Thursday, April 30, 2026

শ্রান্তি বিনোদন ভাতা পেতে ২৩ মে ছুটি চাইলেন প্রাথমিকের শিক্ষকরা


প্রতীকী ছবিঃ সরকারি প্রাথমিক বিদ্যালয় (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

শ্রান্তি বিনোদন ভাতা প্রাপ্তির সুবিধা নিশ্চিত করতে আগামী ২৩ মে (শনিবার) সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার দাবি জানিয়েছেন শিক্ষকরা। এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর মহাপরিচালকের কাছে লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর পক্ষ থেকে চার শিক্ষক নেতা এ আবেদন করেন। এতে স্বাক্ষর করেন মো. আবুল কাশেম, মোহাম্মদ শামছুদ্দিন মাসুদ, খায়রুন নাহার লিপি ও মু. মাহবুবর রহমান।

আবেদনে শিক্ষক নেতারা উল্লেখ করেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। অন্যান্য সরকারি বিভাগের মতো প্রতি তিন বছর অন্তর শ্রান্তি বিনোদন ভাতা পাওয়ার কথা থাকলেও, ছুটির কাঠামোগত জটিলতার কারণে তারা নিয়মিত এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

তারা জানান, ভ্যাকেশনাল ডিপার্টমেন্ট হওয়ায় ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আযহার ছুটি নির্ধারণে প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে ভিন্নতা দেখা যায়। ফলে নির্ধারিত সময় অনুযায়ী ছুটি পূরণ না হওয়ায় ভাতা পাওয়ার শর্ত পূরণ করা সম্ভব হয় না।

শিক্ষক নেতাদের ভাষ্য অনুযায়ী, আসন্ন ঈদ-উল-আযহার ছুটি ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত নির্ধারিত রয়েছে। এর আগে ও পরে সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ১৫ দিনের ছুটি নিশ্চিত হলে শিক্ষকরা ভাতা পাওয়ার যোগ্যতা অর্জন করবেন। কিন্তু ২৩ মে শনিবার বিদ্যালয় খোলা থাকায় এ হিসাব পূরণ হচ্ছে না।

এ অবস্থায় তারা দাবি জানিয়েছেন, ২৩ মে শনিবার ছুটি ঘোষণা করা হলে প্রয়োজনীয় ছুটির সংখ্যা পূরণ হবে এবং শিক্ষকরা যথাসময়ে শ্রান্তি বিনোদন ভাতা পেতে পারবেন।

শিক্ষক নেতারা আরও বলেন, বর্তমান ব্যবস্থায় তিন বছর অন্তর ভাতা পাওয়ার পরিবর্তে চার থেকে পাঁচ বছর পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে, যা তাদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এজন্য বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনার আহ্বান জানিয়েছেন তারা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন