Thursday, April 30, 2026

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিলের বেতন প্রস্তাব মন্ত্রণালয়ে


প্রতীকী ছবিঃ মাউশি (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত প্রায় পৌনে চার লাখ শিক্ষক-কর্মচারীর এপ্রিল মাসের বেতন-ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর পর্যন্ত এ প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন মেলেনি বলে জানা গেছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর বিলটি আইবাস সিস্টেমে আপলোড করা হবে। এরপর অর্থ ছাড়ের প্রক্রিয়া সম্পন্ন হয়ে তা বাংলাদেশ ব্যাংক এর মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে পাঠানো হবে, যেখান থেকে শিক্ষক-কর্মচারীদের ব্যক্তিগত হিসাব নম্বরে অর্থ জমা হবে।

মাউশির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সব প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত শেষ করার চেষ্টা চলছে। আশা করা হচ্ছে, আগামী সপ্তাহের শেষ দিকে শিক্ষক-কর্মচারীরা এপ্রিল মাসের বেতন-ভাতা হাতে পাবেন। কোনো কারণে বিলম্ব হলে পরবর্তী কয়েক দিনের মধ্যেই অর্থ পরিশোধ সম্পন্ন হবে।

সংশ্লিষ্টরা জানান, প্রতি মাসে প্রতিষ্ঠান প্রধানরা অনলাইনে বেতনের বিল দাখিল করেন। যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অর্থ ছাড় করা হয়। চূড়ান্ত অনুমোদনের পরই বেতন-ভাতা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বিতরণ করা হয়।

সরকার ইতোমধ্যে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন প্রদান প্রক্রিয়ায় ডিজিটাল পদ্ধতি চালু করেছে। এতে বিল প্রক্রিয়াকরণ দ্রুততর হওয়ার পাশাপাশি স্বচ্ছতাও বৃদ্ধি পেয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন