- ০২ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
সংসদীয় রাজনীতিতে জাতীয় সংসদকে জনগণের অধিকার ও দাবি তুলে ধরার প্রধান মঞ্চ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন বিরোধীদলীয় নেতা ও শফিকুর রহমান। তিনি বলেন, সংসদে যাওয়ার উদ্দেশ্য কোনো আনুষ্ঠানিকতা নয়, বরং দেশের সাধারণ মানুষের দুঃখ-কষ্টের কথা তুলে ধরা।
শুক্রবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ফটকে আয়োজিত এক শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশের আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।
শফিকুর রহমান বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে দীর্ঘ ইতিহাস থাকলেও বাস্তবে তাদের অবস্থার খুব বেশি পরিবর্তন হয়নি। তিনি অভিযোগ করেন, বছরের অধিকাংশ সময় শ্রমিকদের দাবি উপেক্ষিত থাকে, কিন্তু মে দিবস এলেই নানা প্রতিশ্রুতি দেওয়া হয়।
শ্রমিকদের মর্যাদা নিশ্চিত না হলে কোনো সমাজ টেকসই হতে পারে না উল্লেখ করে তিনি বলেন, সংসদের ভেতরে ও বাইরে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বিরোধী দল লড়াই চালিয়ে যাবে।
সমাবেশে বামপন্থী রাজনীতির সমালোচনা করে তিনি দাবি করেন, বিভিন্ন আন্দোলনে শ্রমিকদের ব্যবহার করা হলেও শেষ পর্যন্ত তাদের স্বার্থ উপেক্ষিত হয়। তিনি বলেন, সংঘাতের রাজনীতি নয়, পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে শ্রমিক-মালিক সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন।
প্রবাসী শ্রমিকদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও তারা প্রাপ্য মর্যাদা পান না। বিদেশে বিভিন্ন সেবা পেতে গিয়ে অনেক সময় ভোগান্তির শিকার হতে হয়। এ ক্ষেত্রে সরকারকে আরও দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে জামায়াতে ইসলামীর নেতারা শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং অধিকার নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, শ্রমিকবান্ধব নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমেই একটি ন্যায্য সমাজ প্রতিষ্ঠা সম্ভব।